বলিউডের তিন সাহসী নারী
বলিউড- যেখানে সাহসী নারী বলতে বুঝায় স্বল্পবসনা, যেখানে পর্দায় নায়িকা কেবল নায়কের বাহুলগ্না সুন্দরী, সেখানে নিজের ব্যক্তিত্ব ও অভিনয়ে স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে পারেন সত্যিকারের সাহসীরাই। এমনি তিনজন সাহসী নারীর গল্প নিয়েই এবারের আয়োজন।
কংকনা সেন শর্মা
সাহসী মায়ের সাহসী মেয়ে এমন অভিধায় অনায়াসে ভূষিত করা চলে তাকে। তবে তিনি মায়ের আঁচল ধরে হাঁটা লক্ষ্মী মেয়েটি নন। বিখ্যাত মায়ের ছায়াকে অতিক্রম করে তিনি তৈরি করে নিয়েছেন নিজের পথ। বিশিষ্ট অভিনেত্রী, নির্মাতা ও লেখিক অপর্ণা সেনের মেয়ে কংকনা সেন শর্মা অভিনেত্রী হিসেবে নিজের স্থান গড়ে নিয়েছেন তার প্রতিভা ও সাহসের বলেই।
পর্দার বাইরেও নারী অধিকার নিয়ে সোচ্চার তিনি এবং পুরুষতান্ত্রিক বলিউডে ব্যক্তিত্বময়ী হিসেবে পরিচিত। কংকনা সেন শর্মা ২০০৭ সালে সহশিল্পী রানবির শোরের সঙ্গে সম্পর্কে জড়ান। তিনি অবিবাহিত অবস্থাতেই গর্ভধারণ করেন এবং সে বিষয়ে লুকোছাপা করেননি। ২০১০ সালের ৩ সেপ্টেম্বর এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তারা বিয়ে করেন। ২০১১ সালের ১৫ মার্চ তাদের সন্তান হারুনের জন্ম হয়। ২০১৪ সাল থেকে পৃথকভাবে বাস করছেন তারা। তবে রানবিরের সঙ্গে তার বন্ধুত্ব এখনও বজায় আছে। অন্য নায়িকারা যেখানে বিয়ে বা সন্তান ধারণ করতে ভয় পান ক্যারিয়ারের ক্ষতির কথা ভেবে সেখানে কংকনা এসব নিয়ে ভ্রুক্ষেপও করেননি। সামাজিক বদনামকে তিনি পরোয়া করেন না একেবারেই। তার ক্যারিয়ারও গতিশীল রয়েছে আগের মতোই।
নন্দিতা দাস
দক্ষিণ এশিয়ায় রং ফর্সাকারী প্রসাধনের রমরমা বাজার আর বলিউডের শ্যামলা অভিনেত্রীদের ফর্সা হওয়ার চূড়ান্ত চেষ্টার মুখে তুড়ি মেরে নন্দিতা দাস সগর্বে ঘোষণা করেন ‘কালোই সুন্দর’। তিনি তার কালো রংকে পর্দায় ফর্সা দেখানোর উদ্দেশ্যে কখনো কোনো মেইক আপ ব্যবহার করেন না। মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর বিপক্ষে অবস্থান নিয়ে ‘কালোই সুন্দর’-এর প্রচার চালাচ্ছেন অসীম সাহসে।
নন্দিতা দাস তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন মঞ্চে। দীপা মেহতার ‘ফায়ার’ ও ‘আর্থ’ ছবিতে অসামান্য অভিনয় করে সমালোচকদের প্রশংসায় ভূষিত হন।
নন্দিতা দাস নারী অধিকার আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি এইচআইভি/এইডস প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত। তিনি শিশু চলচ্চিত্র আন্দোলনেরও একজন পুরোধা ব্যক্তিত্ব। তিনি গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার সময় ক্ষতিগ্রস্তদের সাক্ষাৎকার নিয়ে তৈরি করেন চলচ্চিত্র ‘ফিরাক’। তিনি গুজরাটে মানবাধিকার রক্ষায় সোচ্চার হয়ে বিভিন্ন আন্দোলনে যুক্ত হন। ভারতের শিল্প ধারার চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেত্রী তিনি। ভারতীয় ও আন্তর্জাতিক অনেক পুরস্কার জমা হয়েছে তার ঝুলিতে।
শাবানা আজমি
বলিউডের সাহসী ও স্পষ্টবক্তা নারীর তালিকায় প্রথম যে নামটি রয়েছে সেটি শাবানা আজমি। সেই সত্তর ও আশির দশকে যখন হিন্দি ছবির নায়িকা বলতেই বোঝাতো নাচ, গান, লাস্য ও যৌন আবেদন, সে সময় তথাকথিত ‘গ্ল্যামার’কে প্রত্যাখ্যান করে মেধা ও সাহসে দীপ্তিময় হয়ে ওঠেন শাবানা আজমি।
শাবানা আজমির জন্ম ১৯৫০ সালের ১৮ সেপ্টেম্বর, হায়দ্রাবাদে। ১৯৭৩ সালে পুনে ফিল্ম ইন্সটিটিউট থেকে পাস করার পর তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। খাজা আহমেদ আব্বাসের ‘ফাসলা’ এবং কান্তিলাল রাঠোড়ের ‘পরিণয়’ ছবিতে সুযোগ পান তিনি। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি শ্যাম বেনেগাল পরিচালিত ‘অংকুর’(১৯৭৪)। প্রথম ছবিতেই বাজিমাত। বিকল্প ধারার এ ছবিতে শাবানা অভিনীত চরিত্রটির নাম ছিল লক্ষ্মী। গ্রামীণ এক নারীর ভূমিকায় অসাধারণ অভিনয় করে সমালোচকদের অকুণ্ঠ প্রশংসা পান তিনি। সেই সঙ্গে জিতে নেন সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সত্যজিৎ রায়ের মতো খুঁতখুঁতে নির্মাতাও শাবানার প্রশংসায় পঞ্চমুখ হন। বিকল্প ধারার ছবিতে আসন পাকাপোক্ত হয়ে যায় তার।
১৯৮৮ সালে পেয়েছেন পদ্মশ্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন মহাত্মা গান্ধী পুরস্কার ও রাজীব গান্ধী পুরস্কার।
সাহসী নারী শাবানা আজমি যে কোনো সামাজিক সমস্যা ও অধিকার বিষয়ে সব সময় সোচ্চার। তিনি স্পষ্টবক্তা হিসেবেও খ্যাত।
