শাহরুখের 'ফ্যান' কি 'দ্য ফ্যান'-এর নকল?
শাহরুখ খানের বহুল প্রত্যাশিত সিনেমা ‘ফ্যান'-এর ট্রেইলার প্রকাশের পরপরই অনলাইনে আলোচনার ঝড় উঠেছে। অন্য রকম এক অবতারে শাহরুখকে দেখে ভক্তদের প্রত্যাশাও অনেক বেড়ে গেছে। তবে একটি মার্কিন চলচ্চিত্রের সঙ্গে সিনেমাটির সাদৃশ্যও চোখ এড়ায়নি।
ট্রেইলারে শাহরুখকে দেখা যায় গৌরব ও আরিয়ান খান্নার চরিত্রে। আরিয়ানের অনেক বড় ফ্যান গৌরব। অনেক কাঠখড় পুড়িয়ে আরিয়ানের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পায় গৌরব। কিন্তু তার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় আরিয়ান। অবশেষে এই নিরাশা পরিণত হয় ক্রোধে। এক সময় যে ফ্যান তারকার পেছনে দৌড়াতো, এখন সেই তারকাই দৌড়াবে ফ্যানের পেছনে - এই প্রতিজ্ঞা নিয়ে শুরু হয় প্রিয় তারকার সঙ্গে গৌরবের ইঁদুর-বিড়াল খেলা।
গসিপ ওয়েবসাইট ডিএনএর বলছে, ‘ফ্যান' এর ট্রেইলার মনে করিয়ে দিচ্ছে 'দ্য ফ্যান'-এর কথা। রবার্ট ডি নিরো এবং ওয়েসলি স্নাইপসকে নিয়ে নির্মিত 'দ্য ফ্যান' সিনেমাটির গল্প আবর্তিত হয় একজন বেইসবল তারকাকে নিয়ে, যে চরিত্রে অভিনয় করেন স্নাইপস। তারই অন্ধ ভক্ত রবার্ট ডি নিরো স্নাইপসের সঙ্গে দেখা করার প্রাণপণ চেষ্টা চালান এবং এক সময় তার জীবনের জন্য হুমকি হয়ে দাড়ান।
১৯৯৬ সালে মুক্তি পাওয়া 'দ্য ফ্যান' সিনেমাটি অবশ্য সমালোচক মহলে নেতিবাচক মন্তব্যই পেয়েছে বেশি। রটেন টমাটসে মাত্র ৩৮ শতাংশ মানুষ সিনেমাটিকে ভালো মনে করেছেন।
এখনও নকলের অভিযোগ না উঠলেও সিনেমা দুটির গল্প কাঠামোর সাদৃশ্য অস্বীকার করার কোনো উপায় নেই। ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি কতটুকু মৌলিক তা বুঝতে হলে অপেক্ষা করতে হবে আরো কিছু দিন।
