সালমানকে তার বাবা-মায়ের আল্টিমেটাম
এ বছর হয়তো বিয়ের কাজটা সেরেই ফেলতে হবে সালমান খানকে। কারণ এবার তাকে বিয়ে দেয়ার জন্য উঠে পড়ে লেগেছেন তার বাবা-মা।
১৯ বছর বয়সে বলিউডে পা রাখার পর থেকে প্রেম কম করেননি সালমান। কিন্তু ৫০ বছরে পা দেয়ার পরও বলিউডের সুযোগ্য পাত্র হয়েই থেকে গেলেন তিনি। এতদিন ছেলের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু না বললেও এবার সালমানকে আল্টিমেটাম দিয়েছেন তার বাবা সেলিম খান এবং মা সালমা খান।
রোমানিয়ার অভিনেত্রী লুলিয়া ভ্যান্টুরের সঙ্গে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে সালমানের প্রেমের গুঞ্জন। হিন্দুস্তান টাইমস বলছে, এবার বিয়ে করার জন্য সালমানকের ওপর চাপ দিয়েছেন তার বাবা-মা।
ডিএনএ পত্রিকার দাবী, বিয়ের প্রসঙ্গ আগেও তুলেছেন সালমানের বাবা-মা, কিন্তু নিজের ঘাড়ের উপর দুটি মামলার বোঝা নিয়ে বিয়ে করতে রাজি ছিলেন না তিনি। ২০০২ সালের গাড়ি চাপা মামলায় দোষী সাব্যস্ত হলে ৫ বছরের কারাদণ্ড হতে পারতো তার। সে আশঙ্কায় কেটেছে পুরো ২০১৫ সালটি।
এখনও বিপন্ন প্রাণী শিকারের মামলা থেকে রেহাই পাননি সালমান। তবে গাড়ি চাপা মামলায় অব্যাহতি তাকে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। তাই এবার বিয়ের লাড্ডু খাওয়া থেকে মুক্তি নেই তার।
২০১২ সালের ডিসেম্বরে টিভি শো ‘আপ কি আদালাত’- এ অংশ নিয়ে ঠিক এই কথাই বলেছিলেন সালমান। তিনি বলেন, আমি বিয়ে করবো তখনই, যখন আমার সবগুলো মামলা শেষ হবে। যদি আমার শাস্তি হয়, তাহলে কারাগার থেকে বের হয়েই আমি বিয়ে করবো, আগে নয়।
কয়েক বছর আগে লুলিয়ার সঙ্গে পরিচয় হয় সালমানের, তার হাত ধরে বলিউডের একটি আইটেম গানেও নাচেন লুলিয়া। বছরের বেশিরভাগ সময় নিজ দেশ রোমানিয়ার চেয়ে মুম্বাইতেই বেশি দেখা যায় লুলিয়াকে, তাও আবার সালমানের পরিবারের সঙ্গে।
সালমানের মামলার রায়ের আগের দিন পরিবারের বাকি সদস্যদের মতো লুলিয়াও ছিলেন তার পাশে। সালমানের জন্মদিনে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ক্যামেরাবন্দি হতে দেখা যায় লুলিয়াকে।
এখনও মুখ খুলে প্রেম কিংবা বিয়ের কথা স্বীকার করেননি সালমান। পরিবার বিশেষ করে বাবা-মায়ের প্রতি ভালবাসার জন্য আলাদাভাবে পরিচিত এই অভিনেতা কি তাহলে মেনে নেবেন বাবা-মায়ের কথা?
