২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার যখন লিওর হাতে

অস্কার না পাওয়ার শোক তার চেয়ে যেন তার ভক্তদেরই বেশি ছিল। তাই বলা যায় এই জয় শুধু তার একার নয়। ‘দ্য রেভনেন্ট’- এ অভিনয় করে সেরা অভিনেতার অস্কার অবশেষে হাতে পেলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 12:07 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

দলের বাকি সদস্যদের দ্বারা প্রতারিত এবং মারাত্মকভাবে আহত উনিশ শতকের এক ফ্রন্টিয়ারসম্যান হিউ গ্লাসের চরিত্রে দুর্দান্ত অভিনয় লিওকে এ বছর এনে দিয়েছে তার আকাঙ্ক্ষিত অস্কার।

১৯৯৩ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রথম অস্কার মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেতা। কিন্তু কাঙ্ক্ষিত স্বীকৃতি পেতে সময় লাগল পুরো ২৩ বছর আর ছয়টি মনোনয়ন! অবশ্য এবারের প্রত্যেকটি পুরস্কারের মঞ্চে ‘দ্য রেভনেন্ট’-এর জয়জয়কার শুনে অনেকেই ধারণা করছিলেন এ বছর আর স্বর্ণপুরুষ ফস্কাবে না লিওর হাত থেকে।

আলেহান্দ্রো গনজালেস ইনারিতু পরিচালিত ‘দ্য রেভনেন্ট’-এর গল্প গড়ে উঠেছে সত্য ঘটনা অবলম্বনে। এতে হিউ গ্লাসের চরিত্রে অভিনয়ের জন্য লিওর একাগ্রতা চোখ এড়ায়নি কারো। চরিত্রের প্রয়োজনে তাকে খেতে হয়েছে কাঁচা মাছ থেকে শুরু করে বাইসনের কলিজা, এমনকি ঘুমাতে হয়েছে মৃত ঘোড়ার পেটের ভেতরে।

এ বছর লিওকে শক্ত টক্কর দিয়েছেন গতবারের বিজয়ী ‘দ্য ড্যানিশ গার্ল’ খ্যাত অভিনেতা এডি রেডমেইনে, যার জেতার সম্ভাবনা ছিল অনেক বেশি। এছাড়া সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছিলেন মাইকেল ফ্যাসবেন্ডার, ব্রায়ান কার্নস্টনের মত অভিনেতারা।

অস্কার গ্রহনের সময় ‘দ্য রেভনেন্ট’-এর শুটিংয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে লিও তার ভক্ত এবং শুভানুধ্যায়ীদের মনে করিয়ে দেন একটি গুরুত্বপূর্ণ বিষয়, বৈশ্বিক উষ্ণতা।

তিনি বলেন, "বৈশ্বিক উষ্ণতা একটি বাস্তব সত্য এবং এটি ঘটছে। ২০১৫ সাল ছিল উষ্ণতম বছর। এখন এই বিষয়টি আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি। আসুন আমরা সবাই মিলে এর বিরুদ্ধে লড়াই করি, কোনো বিশেষ দলের পক্ষ থেকে নয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নয়, নিজেদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য।"