২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার মঞ্চের বিব্রতকর ঘটনাগুলো

অস্কার নিঃসন্দেহে যে কোনো অভিনয়শিল্পীর জন্য এক অনন্য অর্জন। কিন্তু কোন তারকা কবে অস্কার পেলেন তার চেয়ে যা মানুষের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকে তা হলো অস্কার আসরে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনাগুলো। এমনই কিছু ঘটনার কথা জেনে নেয়া যাক, যেগুলো তারকারা ভুলে যেতে চাইলেও ভক্তরা ঠিকই মনে রেখেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 03:58 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

এড্রিয়ান ব্রোডি-হ্যালি বেরির চুম্বন

'দ্য পিয়ানিস্ট' সিনেমায় অনবদ্য অভিনয় এড্রিয়ান ব্রোডিকে এনে দিয়েছিল ২০০৩ সালের সেরা অভিনেতার অস্কার। ড্যানিয়েল ডে লুইস, জ্যাক নিকোলসন, মাইকেল কেইন, নিকোলাস কেইজের মত বাঘা বাঘা তারকাদের হারিয়ে দিয়ে তরুণ ব্রোডি জিতে নেন তার প্রথম অস্কার। প্রথম অস্কার বলেই হয়তো, মঞ্চে উঠে উচ্ছ্বসিত এবং উত্তেজিত ব্রোডি জন্ম দিলেন অস্কার ইতিহাসের অন্যতম বিব্রতকর ঘটনার! সঞ্চালক হ্যালি বেরিকে জড়িয়ে খেলেন আবেগঘন এক চুমু। বেরি নিজেও বিস্মিত ঘটনার আকস্মিকতায়। ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিলেন ঠিকই। কিন্তু মানুষ আজও চুমুর ঘটনাটিকেই মনে রেখেছে।

 

এফ আদ্যাক্ষরের সেই শব্দটি

২০১১ সালে পাশ্বর্-চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পান মেলিসা লিও, 'দ্য ফাইটার' সিনেমার জন্য। সবই ঠিক ছিল। বিপত্তিটা বাঁধলো ধন্যবাদ জ্ঞাপনে। নির্বাক হয়ে পড়া মেলিসা হুট করেই উচ্চারণ করে বসলেন ভদ্র আসরে নিষিদ্ধ এফ আদ্যাক্ষরের শব্দটি। তুমুল করতালি আর হাসির রোল পড়লেও ততক্ষণে মেলিসা বুঝে গেছেন অস্কার ইতিহাসের অন্যতম মুখরোচক ঘটনার অংশ হয়ে গেছেন তিনি।

ভয়ঙ্কর এক দ্বৈত সঙ্গীত

অস্কার ইতিহাসের অন্যতম সর্বনেশে ও বিতর্কিত আসর হয়ে আছে ১৯৮৯ সালের আসর। স্নো ওয়াইটের সাজে অভিনেত্রী এলিন বোম্যান এবং অভিনেতা রব লুইয়ের দ্বৈত গানে শুরু হয়েছিল সেবারের আসরটি। ‘প্রাউড ম্যারি' গানটির ব্যাঙ্গাত্মক উপস্থাপনায় একেবারেই বারোটা বেজে গিয়েছিল অস্কার প্রযোজক অ্যালান কারের ক্যারিয়ারের। জুলি অ্যান্ড্রুস, বিলি ওয়াইল্ডার এবং পল নিউম্যানসহ ১৭ জন তারকা অ্যাকাডেমির কাছে অভিযোগ করেছিলেন গানটি অবমাননাকর বলে।

বাঁধভাঙা কান্নায় গিনেথ প্যালট্রো

অভিনেতা জ্যাক নিকোলসনের ঘোষণায় নিজের নাম শোনার পর থেকেই বার বার কেঁদে উঠছিলেন অভিনেত্রী গিনেথ প্যালট্রো। 'শেক্সপিয়ার ইন লাভ' সিনেমার জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পাবেন, তা কল্পনায়ও ভাবেননি এই তারকা। তিন মিনিটের দীর্ঘ বক্তব্যে দুটো কথা বলত পেরেছিলেন বড় জোর, বাকিটা সময় কেঁদেছেন। তার এ অবস্থায় বিব্রত বোধ করছিলেন আসরে উপস্থিত প্যালট্রোর পরিবারও।

বিরক্তিকর জেমস ফ্র্যাঙ্কো এবং অ্যান হ্যাথাওয়ে

২০১১ এর অস্কার আসর বিব্রতকর কিছু মুহূর্তের জন্ম দেয় জেমস ফ্র্যাঙ্কো এবং অ্যান হ্যাথাওয়ের দুর্বল সঞ্চালনার জন্য। বিশেষ করে ফ্র্যাঙ্কোর অভিব্যক্তিবিহীন উপস্থাপনায় জৌলুস হারায় অস্কার। মঞ্চ উজ্জীবিত করার চেয়ে নিজেরা বিস্ময় প্রকাশেই ব্যস্ত ছিলেন দুই সঞ্চালক। আর তাতেই সমালোচনার ঝড় উঠেছিল।

ডেভিন নিভেন এবং এক নগ্ন ব্যক্তি

১৯৭৪ সালের সেরা সিনেমার পুরস্কারটি হাতে তুলে দেবার দায়িত্ব দেয়া হয়েছিল অভিনেতা ডেভিড নিভেনকে। ঘোষণা দেবার ঠিক আগেই ঘটলো বিস্ময়কর এক ঘটনা। মঞ্চের পেছন থেকে হাত পা ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে এলেন নগ্ন এক ব্যক্তি। অতিথিদের বিনোদনের খোরাক যোগালেও নিভেনের জন্য নিঃসন্দেহে এটি ছিল বিব্রতকর একটি ব্যাপার। অবশ্য বুদ্ধিদীপ্ত নিভেন পুরো ঘটনার দখল নিলেন খুব সহজেই। বলে উঠলেন, "ব্যাপারটি কি চমকপ্রদ নয় যে, নিজের সব পোশাক খুলে ফেলে আর ত্রুটিগুলো প্রদর্শন করেই এই লোকটি জীবনের একমাত্র হাসি হাসতে পারবে।"

অস্কার মঞ্চে আছাড়

অসংখ্য ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেত্রী জেনিফার লরেন্স তার প্রথম অস্কার জেতেন ২০১৩ সালে, রোমান্টিক কমেডি সিনেমা ‘সিলভার লাইনিং প্লেবুক' এর জন্য। উচ্ছ্বসিত, কিন্তু শান্ত লরেন্স পৌঁছে গেছেন আরাধ্য অস্কারটি হাতে তুলে নিতে। আকস্মিকভাবেই মঞ্চের সিঁড়িতে আছাড় খেয়ে সবাইকে কিছুটা দুশ্চিন্তায় ফেললেন তিনি। নিজেকে ঠিকই সামলে নিয়ে অস্কার গ্রহণ করে তিনি বলেন, "ধন্যবাদ আপনাদের। আমি পড়ে যাওয়ায় আপনাদের খারাপ লাগছে বলেই আপনারা দাঁড়িয়েছেন। এবং হ্যাঁ এটা বিব্রতকর। কিন্তু ধন্যবাদ।