২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একই দিনে দুই ভারতীয় ছবি বাংলাদেশে

শুক্রবার ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে একসঙ্গে মুক্তি পেয়েছে দুটি ভারতীয় সিনেমা। শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় পরিচালিত 'বেলাশেষে' এবং পীযূষ সাহা পরিচালিত 'বেপরোয়া' প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 04:06 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

এক প্রৌঢ় দম্পতির জীবনের শেষ বেলার কাহিনি 'বেলাশেষে'। দাম্পত্যজীবনের ৫০ বছর পূর্ণ করা এক দম্পতির পেছন ফিরে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব মেলানো গল্প উঠে এসেছে এই সিনেমায়। মূল দুই চরিত্রে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত। এছাড়াও অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, মনামি ঘোষ প্রমুখ।

গত বছরের পহেলা মে পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘বেলাশেষে’। দর্শকের কাছ থেকে ব্যাপক সাড়া পায় সিনেমাটি। প্রেক্ষাগৃহে দুশ দিনেরও বেশি চলেছে সিনেমাটির প্রদর্শনী। সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ সিনেমায় অভিনয়ের প্রায় তিন দশক পর ‘বেলাশেষে’তে জুটি বেঁধেছেন সৌমিত্র এবং স্বাতীলেখা।

অপরদিকে পীযূষ সাহা পরিচালিত ‘বেপরোয়া' সিনেমার মাধ্যমে টালিগঞ্জের অভিষেক ঘটেছে দুই নবাগতা সুরিয়া ও পাপড়ির।  ‘বেলাশেষে’ এবং ‘বেপরোয়া’র সঙ্গে মুক্তি পেয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত প্রথম সিনেমা ‘কৃষ্ণপক্ষ’। সিনেমাটিতে মূখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ এবং মাহিয়া মাহি। এছাড়াও তানিয়া আহমেদ, ফেরদৌস আহমেদসহ অনেকে অভিনয় করেছেন এ সিনেমায়।

একই দিনে ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে শিহাব শাহিন পরিচালিত সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’-এর। এতে অভিনয় করেছেন আরেফিন শুভ এবং জাকিয়া বারি মম। ভারতীয় বাংলা চলচ্চিত্র এর আগেও মুক্তি পেয়েছে বাংলাদেশে, তবে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমা বাণিজ্যিকভাবে মুক্তি পেলো ভারতে।