২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনেই হিট 'নিরজা'

প্যান অ্যাম সেভেনটি থ্রির সাহসী বিমান কর্মকর্তা নিরজা ভানোতের আত্মত্যাগের কাহিনি নিয়ে নির্মিত সিনেমা 'নিরজা' মুক্তির সঙ্গে সঙ্গেই সাড়া ফেলে দিয়েছে হিন্দি সিনেজগতে। ১৯ ফেব্রুয়ারি মুক্তির দিন থেকেই হু হু করে বাড়ছে সিনেমাটির দর্শক সংখ্যা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 02:06 PM

Updated : 25 Jul 2022, 09:21 PM

মৃক্তির প্রথম তিন দিনেই ২১ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি আয় করে ফেলেছে ২২ কোটি রুপি।

১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর বোম্বে থেকে করাচি হয়ে নিউইয়র্কগামী প্যাম অ্যাম ফ্লাইটটিকে জিম্মি করে জঙ্গিরা। ২৩ বছর বয়সী বিমান কর্মকর্তা নিরজা ভানোতের বীরোচিত আত্মত্যাগে প্রাণে বেঁচে যান শত শত যাত্রী। সোনাম কাপুর অভিনীত এই আত্মজীবনীমূলক সিনেমাটি হিন্দি সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটেছে।

টানা কয়েকটি টুইটে 'নিরজা' সিনেমাটির ভূয়সী প্রশংসা করেন বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ। সেই সঙ্গে জানিয়ে দেন সিনেমাটির আয়ের অঙ্ক।

"আরও শক্তিশালী হচ্ছে বক্স-অফিসে নিরজার অবস্থান। শুক্রবার ৪.৭ কোটি, শনি শনিবার ৭.৬ কোটি, রবিবার ৯.৭১ কোটি। সর্বমোট ২২.০১ কোটি রুপি।"

দর্শকরা সিনেমাটি কিভাবে গ্রহণ করেছেন সেটিও জানাতে ভোলেননি তারান, "দুর্বার গতিতে উড়ছে নিরজা। প্রতিদিন এর বাড়ন্ত আয় সিনেমাটির দর্শক গ্রহণযোগ্যতা এবং বক্স-অফিসে এর দাপটের ব্যাপারটিরই ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে রবিবারে সিনেমাটির আয় ছিল অসাধারণ"।

বলিউডের সফল নারীকেন্দ্রিক সিনেমার ছোট্ট তালিকায় নিজের নামটা অবশ্য লিখিয়ে নিয়েছে 'নিরজা'। অলিম্পিক পদকজয়ী মুষ্টিযোদ্ধা মেরি কমকে নিয়ে নির্মিত 'মেরি কম'-এর উদ্বোধনী আয় ছিল ২৮ কোটি রুপি। এছাড়া দিপিকার 'পিকু' এবং কারিনার 'হিরোইন' প্রথম তিন দিনে আয় করেছিল ২৫ কোটি রুপি।

নিরজা ভানোতের চরিত্রটি পর্দায় রূপ দিয়েছেন সোনাম কাপুর। নিরজার মায়ের চরিত্রে অভিনয় করেছেন শাবানা আজমি। সিনেমাটি নির্মাণ করেছেন রাম মাধভানী।