‘হুমায়ূন ধারা' আঁকড়ে শাওনের যাত্রা
বিনোদন জগতের সঙ্গে সম্পৃক্ততা সেই ছোট বেলা থেকেই। ‘নতুন কুঁড়ি'র মঞ্চ মাতিয়ে সবার নজরে এসেছিলেন। গায়কী আর অভিনয় দিয়ে মন মাতিয়েছেন দীর্ঘদিন।
অবশেষে বড় পর্দায় নির্মাতা হিসেবে অভিষিক্ত হলেন। সম্প্রতি মুক্তি পেয়েছে মেহের আফরোজ শাওন পরিচালিত প্রথম সিনেমা 'কৃষ্ণপক্ষ'। গ্লিটজের সঙ্গে আলাপ করলেন নিজের প্রথম সিনেমা, ক্যারিয়ার আর জীবনের নানা দিক নিয়ে।
গ্লিটজ: আপনার পরিচালিত প্রথম সিনেমার জন্য ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাসটিই কেন নির্বাচন করলেন?
মেহের আফরোজ শাওন: ‘গৌরিপুর জাংশন’,‘নির্বাসন’,‘হিমু মামা’ এমন অনেকগুলোর ব্যাপারেই ভেবেছি। কিন্তু চ্যানেল আই থেকে যখন আমি প্রস্তাব পেলাম তখন ‘গৌরিপুর জংশন’ এর কথা মনে হয়নি কারণ আমাদের সামনে সিনেমার প্রি প্রোডাকশন, শুটিং ও পোস্ট প্রোডাকশন সব সম্পন্ন করার জন্য মাত্র এক মাস সময় বেঁধে দেয়া হয়েছিলা। এমন অবস্থায় ‘গৌরিপুর জংশন’ ও ‘নির্বাসন’ কোনোভাবেই সম্ভব না।‘হিমু মামা’ সম্ভব ছিলো কিন্তু কেন জানি হুমায়ূন আহমেদের গল্পে আমার পরিচালিত প্রথম সিনেমা, বাচ্চাদের গল্প দিয়ে শুরু করতে চাইনি। আমার মনে হয়েছে একটি বিশুদ্ধ প্রেমের গল্প নিয়ে কাজ করা উচিত। সেই জায়গা থেকেই আমার মাথায় ‘কৃষ্ণপক্ষ'-এর নামটাই এসেছে। ভেবে-চিন্তে ‘কৃষ্ণপক্ষ' কাজটি করি নাই। অনেক কিছু ভাবলে ‘কৃষ্ণপক্ষ' খুবই জটিল।
গ্লিটজ: গল্পের চরিত্রের উপযোগী বলে না সিনেমার বাণিজ্যিক সাফল্যের কথা ভেবে মাহিকে অরু চরিত্রের জন্য র্নিবাচন করেছেন...
মেহের আফরোজ শাওন: এখানে কোনো ধরনের ব্যবসায়িক কৌশল একেবারেই কাজ করেনি। সিনেমার অরু চরিত্রের জন্য যে কয়েকটি নাম আমার মাথায় এসেছিলো তারা কেউ আগে হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করেননি। এই প্রজন্মের অন্য যারা শিল্পী আছেন তারা আমার কাছে পরীক্ষিত না। কোন অর্থে পরীক্ষিত না? মাহির অভিনয় আমি দেখেছি। আমি ওকে হুমায়ূন আহমেদের কোনো নারী চরিত্রে দেখিনি কিন্তু ‘অগ্নি'তে দেখেছি। সেই চরিত্রের জন্য আমার মনে হয়েছে মাহি ঠিক করেছে। সেই চরিত্রের প্রতি মাহি কোনো অন্যায় করেনি। তাহলে যে ঐ চরিত্রটি ফুটিয়ে তুলতে পারে সে অন্য একটি চরিত্রও ফুটিয়ে তুলতে চেষ্টা করবে এতোটুকু আমার ধারণা হয়েছিলো। পরবর্তীতে ওর সঙ্গে কথা বলে আমার এই ধারণাটা আরো পোক্ত হয়েছিলো। হুমায়ূন আহমেদের সিনেমাতে নায়িকা কেন, যে কোনো চরিত্রে অভিনয় করতে দিলেই করবো - এই কথাটা বলার মতোও তৈরি থাকতে হয়। মাহির এই কথাটা সবাই কিন্তু বলতে পারে না, যেখানে মাহি প্রতিষ্ঠিত ও জনপ্রিয় শিল্পী।
গ্লিটজ: ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার জন্য হাসপাতালে রিয়াজের দৃশ্যগুলো চিত্রায়নের সময় হুমায়ুন আহমেদকে নিয়ে হাসপাতালে কাটানো দিনগুলির স্মৃতি কি বার বার ভেসে উঠছিল?
গ্লিটজ: সিনেমায় ‘হুমায়ূন ধারা’ সম্বল করেই পথ চলবেন নাকি সিনেমা নির্মাণে নিজের একটা ধারা তৈরির ইচ্ছে আছে?
মেহের আফরোজ শাওন: হুমায়ূন আহমেদের সিনেমার ধারাকে আমি বিশেষ করে ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চেয়েছি। নিজস্ব একটা ধারা তৈরি করার ইচ্ছা তো আমার অবশ্যই থাকবে। এখন হুমায়ূন আহমেদের গল্প নিয়েই যদি আমি সারা জীবন কাজ করি তাহলে আমার নিজস্ব ধারা তৈরির চেষ্টা বা নিরীক্ষা যেটা করবো তা হুমায়ূন ভক্তদের কতোটুকু পছন্দ হবে তা নিয়ে এখনো চিন্তাও করিনি এবং তা চিন্তা করার মতো সময় এসেছে কিনা তাও ভাবছি না। এটা তো প্রথম সিনেমা। আগামীতে হুমায়ূন আহমেদের গল্পকেই বেছে নেবো নাকি নিজের ভেতর থেকে বেড়িয়ে আসা কোনো গল্প নিয়ে কাজ করবো, আসলে কি যে করবো তা আমি এখনও জানি না।
গ্লিটজ: হুমায়ূন আহমেদের স্ত্রী বলেই কি র্নিমাতা হওয়ার পথটা শাওনের জন্য প্রথম থেকেই মসৃন ছিলো?
মেহের আফরোজ শাওন: এটা মানুষ ধরে নিতে পারে। আমি বলবো এটা ধরে নেয়া উচিত না। কারণ এমন তো নয় যে আমি আগে কখনোই কাজ করি নি।সিনেমা র্নিমানে কাজ না করলেও হুমায়ূন আহমেদ জীবিত থাকাকালীনই প্রচুর নাটক র্নিমাণ করেছি এবং তার কাছে কাজের জন্য অনেক প্রশংসিতও হয়েছি। তাই এখন সিনেমা র্নিমাণের মতো সাহসটা আমি করতে পেরেছি। তার স্ত্রী হলেই যে তিনি অভিনয় করবেন কিংবা পরিচালনায় আসবেন ব্যাপারটা সেরকম না।স্ত্রী হিসেবে হয়তো নাটক র্নিমাণের ক্ষেত্রে প্রথম সুযোগটা পেয়েছি । তিনি এমন একজন মানুষ ছিলেন, আমি যদি প্রথম কাজে ব্যর্থ হতাম তাহলে আমি তার স্ত্রী হওয়ার পরো আমাকে আর সুযোগ দিতেন না। পরীক্ষিত না হলে কাউকেই তিনি সুবিধা দিতেন না।
গ্লিটজ: হুমায়ূন আহমেদের সিনেমার নায়িকা ছাড়া অন্য কারো সিনেমার নায়িকা হয়ে ওঠা হলো না কেন?
মেহের আফরোজ শাওন: ‘শ্রাবন মেঘের দিন’ মুক্তির পরে কলকাতায় এক পরিচালক এই সিনেমাটি রিমেইক করতে চেয়েছিলেন। সেই সিনেমায় নায়িকা বাংলাদেশের ও নায়ক কলকাতার নেয়ার পরিকল্পনা ছিলো। এই সিনেমায় কাজের একটা প্রস্তাব এসেছিলো। কলকাতায় ‘শ্রাবন মেঘের দিন’ কেন জানি হুমায়ূন আহমেদ মেনে নিতে পারেন নাই। আর পরবর্তীতে ২০০২ সালে রুহুল আমিনের ‘হাসন রাজা’ সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সেই মুহূর্তে আমি কোনো আগ্রহ প্রকাশ করিনি। এছাড়া সিনেমাতে আর কোনো প্রস্তাব পাইনি। তবে প্রচুর নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি । কিন্তু বিভিন্ন কারণে তা করা হয়ে উঠেনি।
মেহের আফরোজ শাওন: আমি যখন সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি তখন থেকেই আমি জানি আমাকে দর্শকের এই নিক্তিতে পড়তে হবে। দর্শকের ব্যাপারটা এমন যে দর্শকের কোন সময়টায় কি ভালো লাগবে এমন অনেকগুলো ব্যাপার আছে। হুমায়ূন আহমেদের নিজের নির্মিত সিনেমা দেখেও কিন্তু অনেক ক্ষেত্রে দর্শক বলেছে মূল বইটা অনেক ভালো ছিলো। সিনেমাটা ভালো লাগেনি, যখন হুমায়ূন আহমেদ স্বয়ং সিনেমা বানিয়েছেন। সেখানে হুমায়ূন আহমেদের অনুপস্থিতিতে আমি তার একটা কাজকে বানাচ্ছি এই নিক্তিতে তো আমাকে অবশ্যই পড়তেই হবে। এ ব্যাপারে আমি পুরোদমে মানসিকভাবে প্রস্তুত।
গ্লিটজ: ‘কৃষ্ণপক্ষ’ কোন ধারার সিনেমা?
মেহের আফরোজ শাওন: সর্ম্পূন বাণিজ্যিক ঘরানার সিনেমা বলতে আমরা যেগুলোকে বুঝি হুমায়ূন আহমেদ সে ধরনের সিনেমা নির্মাণের চেষ্টাও করেননি। যেগুলোকে আমরা বিকল্প ধারা বা অফ ট্র্যাক সিনেমা বলি, যেমন ‘পদ্মা নদীর মাঝি’, ‘তিতাস একটি নদীর নাম’ এই সিনেমাগুলোকে আমরা যদি অফ ট্র্যাক সিনেমা হিসেবে ধরে নেই, তিনি সেই ধরনের সিনেমাও নির্মাণের চেষ্টা করেননি। তিনি নিজেই তার গল্পগুলো নিয়ে নিজের একটি ধারা তৈরি করেছেন। আমি এই সিনেমাকে হুমায়ূন আহমেদের সিনেমা বলবো। আমাদের প্রচলিত সিনেমায় যে ধারাগুলো রয়েছে তার বাইরে হুমায়ূন আহমেদের সিনেমার একটা ধারা রয়েছে আবার রবীন্দ্রনাথের গল্পের সিনেমার একটি ধারা রয়েছে। ‘কৃষ্ণপক্ষ’কে আমি হুমায়ূন আহমেদের সাহিত্যর্নিভর সিনেমা বলবো। এটাকে আমি অফ ট্র্যাক সিনেমা বলবো না। আসলে হুমায়ূন আহমেদের গল্প নিয়ে নির্মিত সিনেমাকে বাণিজ্যিক কিংবা অফ ট্র্যাক সিনেমার ট্যাগ দেয়ার কোনো উপায় নেই।
গ্লিটজ: ‘কৃষ্ণপক্ষ’ কারা দেখতে যাবে?
মেহের আফরোজ শাওন: হুমায়ূন আহমেদ ও শাওনের ভক্তরা ছাড়াও এই সিনেমাটি আরো বেশ কয়েকটি দল দেখতে আসবে। যাদের মধ্যে প্রথমে থাকবে হুমায়ূন আহমেদের ভক্ত-পাঠকরা ও ভক্ত র্দশকরা, যাদের মধ্যে একটি দল আসবে কোনো কিছু না ভেবেই। হুমায়ূন স্যার নেই তার একটি কাজ হচ্ছে। হয়তো ভালো হবে দেখে আসি এমনটা ভেবে আরেকটি দল আসবে। মাহির ভক্ত র্দশকদের একটি দল আর বহুদিন পরে রিয়াজ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে সেক্ষেত্রে তার ভক্ত র্দশকরা দেখতে আসবে । আর আমার ভক্তরা দেখতে আসবে কিনা জানি না আর আমার কতো জন ভক্ত আছে তাও আমি জানি না। তবে দেখিনা শাওন কেমন নির্মাণ করে এমন ভেবে একটি একটি দল আসবে আর আরেকটি দল আসবে শাওনকে একটু গালাগালি করা যাবে তাই।
