২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা শহীদদের স্মরণে 'আমার ভাষার চলচ্চিত্র'

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র'। উৎসবের ১৫তম আসর বরাবরের মতোই বসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 03:32 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় 'আমার ভাষা চলচ্চিত্র' উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মুহম্মদ জাহাঙ্গীর হোসেন, এবং বিশিষ্ট ভাষা গবেষক ড. সৌরভ সিকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি আলী হায়দার সাগর।

আয়োজকরা জানান, "‘আমার ভাষার চলচ্চিত্র’ বাংলা চলচ্চিত্র প্রর্দশনীর সর্ববৃহৎ আসর, যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্রকে তুলে ধরা হয় সাধারণ দর্শকের দ্বার প্রান্তে।"

২৩ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১১ টা থেকে শুরু হবে চলচিত্র প্রদর্শনী, এরপর বিকেল ৩টা এবং সন্ধ্যা ৬টায় থাকবে আরো দুটো প্রদর্শনী। ২৩ থেকে ২৯ তারিখ পর্যন্ত এই উৎসবে দেখানো হবে দুই বাংলা মিলিয়ে মোট ২১টি সিনেমা।

২১টি সিনেমাকে দুই বাংলার ধ্রুপদী এবং সাম্প্রতিক বিভাগে ফেলা হয়েছে। প্রথম প্রদর্শনীতে দেখানো হবে ১৯৫৬ সালে নির্মিত বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র 'মুখ ও মুখোশ'। ধ্রুপদী সিনেমার মধ্যে আরো দেখানো হবে জহির রায়হানের ‘জীবন থেকে নেওয়া’, আলমগীর কবিরের ‘ধীরে বহে মেঘনা’, ঋত্বিক ঘটকের ‘যুক্তি, তক্কো আর গপ্পো’ এবং সত্যজিত রায়ের ‘নায়ক’। সাম্প্রতিক সময়ের সিনেমাগুলোর মধ্যে আছে জাহিদুর রহমান অঞ্জনের ‘মেঘমল্লার’, রুবাইয়েত হোসেনের ‘আন্ডার কন্সট্রাকশন’, আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’, ওয়াজেদ আলি সুমনের ‘অঙ্গার’ এবং মোরশেদুল ইসলামের ‘অনীল বাগচীর একদিন’।

এছাড়া ‘জালালের গল্প’, ‘অঙ্গার’, ‘স্বর্গ থেকে নরক’ এবং ‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমা চারটির পরিচালক উপস্থিত থাকবেন মিলনায়তনে। 'মিট দ্য ডিরেক্টর' পর্বে তারা কথা বলবেন দর্শকদের সঙ্গে।