২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানের ভাষা: ফিউশন না কনফিউশন?

সময়ের সঙ্গে সঙ্গে মুখের ভাষার মতো গানের ভাষায়ও পরিবর্তন এসেছে। গানে জুড়ে যাচ্ছে বিদেশী শব্দ, ভেঙে ফেলা হচ্ছে ব্যকরণের রীতি। গানে বিভিন্ন ভাষার সম্মিলনের বিষয়টি অনেক সময়ই বিভ্রান্তিকর ও অদ্ভূতুড়ে হয়ে দাড়াচ্ছে। আন্তজর্াতিক মাতৃভাষা দিবসে বিষয়টি নিয়ে কথা বললেন বিভিন্ন প্রজন্মের সঙ্গীতশিল্পীরা।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 11:18 AM

Updated : 11 Oct 2022, 07:48 PM

সাবরিনা পড়শী

আমরা বাঙালি। মাতৃভাষায় কথা বলি। আরো অনেকেই তাদের মাতৃভাষায় কথা বলে। কথা বলার সময় অনেক ভাবেই মনে ভাব প্রকাশ করা যায়। সেটা দোষ মনে করি না। কিন্তু গানের ক্ষেত্রে উপযুক্ত এবং সঠিকভাবে ভাষার প্রয়োগ করতে হবে। আজকাল অনেক গান হচ্ছে, বাংলা-ইংরেজি উচ্চারণ মিশিয়ে। সেটা না করে, বাংলা এবং ইংরেজি উচ্চারণ সঠিকভাবে প্রয়োগ করা উচিত। অন্য যে কোন ভাষার গানের ক্ষেত্রেও একই কথা। ভাষা হলো সংস্কৃতির চর্চার অন্যতম মাধ্যম। সেই ভাষারই যদি সঠিক প্রয়োগ না ঘটে, তাতে ক্ষতি হয় সংস্কৃতির। এটা কাউকে বোঝানোর কিছু নেই, নিজে থেকে সচেতন হতে হবে এর জন্য। নিজের ভাষা, কৃষ্টি, নিজের সংস্কৃতি, নিজেকেই রক্ষা করতে হবে।

ইমন সাহা

প্রথমত বিষয়টা ভালো না, আমাদের ভাষা একটাই। অন্যান্য অনেক দেশে বেশ কয়েক ভাষার ব্যবহার দেখা যায়, কিন্তু আমরা বাংলা ভাষাকেন্দ্রিক। এর মধ্যে আঞ্চলিকতা আছে, কিন্তু অক্ষর এক। অথচ এই বাংলাভাষীদেরই এক প্রজন্ম ইংরেজির মতো উচ্চারণ করে বাংলা গান গায়। এটা ইতিবাচক কিছু হতে পারে না। আমি আরো অনেক ভাষা শিখতে পারি, বলতে পারি, গাইতে পারি। কিন্তু যখন বাংলায় গাইবো তখন বাংলার সঠিক উচ্চারণেই গাইবো। বলা দরকার, এই প্রজন্ম না পারে ঠিক মতো বাংলা বলতে, না পারে ইংরেজি বলতে। অন্য যে কোনো ভাষা তারা শিখতেই পারে। কিন্তু যে কোনো একটা ভাষা হলেও ভালো করে বলতে পারতে হবে।

আমি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছি। আমেরিকা, ভারতে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার সম্পূর্ণটাই ইংরেজি ভাষায় পড়েছি। কিন্তু আমার সঙ্গে কথা বলে কেউ কি বুঝতে পারবে! আমার সন্তানও ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে কিন্তু বাসায় আমি তার সঙ্গে সব সময় বাংলায় কথা বলি। আমি তাকে শেখাই, বাংলায় কথা বলতে হবে। মূল ব্যাপার হচ্ছে, পারিবারিক পরিবেশ, চর্চা এবং নিজের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ। আমার সংস্কৃতিকে মনে রাখতে হবে। শিল্প, সংস্কৃতি চর্চার মূল মাধ্যম হলো ভাষা। সেই ভাষাটাকে আগে বাঁচিয়ে রাখতে হবে।

জিয়াউর রহমান জিয়া (শিরোনামহীন)

ভাষা উচ্চারণের ধ্রুবক বা মান নির্ধারণ, প্রমিতকরণের জন্য সংশ্লিষ্ট ব্যাক্তি ও প্রতিষ্ঠান আছে। তারা দেখবেন, নিয়ম-কানুন তৈরি করবেন। কয়েকদিন আগে পত্রিকায় পড়লাম, আঞ্চলিক ভাষারও শুদ্ধতার প্রয়োজন আছে, মান রক্ষা করার দরকার আছে। কিন্তু ভাষার প্রশ্নে যদি গোড়ামি আকড়ে পড়ে থাকি, নতুন কিছুকে গ্রহণ না করি, তাহলে হবে কি করে। ব্যাকরণ বলছে, ভাষা বহতা নদীর মতো। সময়ের পরিপ্রেক্ষিতে, সমসাময়িকতায়, সামাজিকতার চর্চা ও সংস্কৃতির গতিময়তায় ভাষায় নতুনত্ব আসবেই। এসবে বাধা দেওয়া উচিত না। শেক্সপিয়র যুগের ইংরেজি আর এখনকার ইংরেজি কি এক? পৃথিবীর সব ভাষাতেই এমন হয়েছে। তাই কথ্য ভাষায় বাধা থাকা ঠিক না। যার পরিবর্তন সাধারণ ব্যাপার।

ভাষার প্রশ্নে আমাদের এক জায়গায় বসে থাকলে চলবে না। এমনকি আঞ্চলিক ভাষাও সমানভাবে জরুরী। ভাষার বৈচিত্র্য ও অঞ্চলের পরিচয় বহন করে আঞ্চলিক ভাষা। এখন প্রশ্ন হলো, যে ভাষার জন্য রক্ত দিলো আমার ভাই, যাদের আত্মত্যাগ এক অনন্য ইতিহাস, যে কারণে একুশে ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে ভাষার জন্য এতো কিছু, সেই বাংলা ভাষার আন্তর্জাতিকতার জন্য আমরা কি করলাম? পৃথিবীর নানা দেশের সিনেমা দেখি আমরা। স্থানিক দর্শকের জন্য স্থানিক ভাষার সাবটাইটেল আজ দারুণ সহজলভ্য। বাংলা ভাষায় পর্যাপ্ত সাবটাইটেল পাওয়া যায় বলে জানাতে পারেন কেউ? বাংলা ভাষার সিনেমার সঙ্গে বিশ্বের অন্য ভাষার সিনেমার আদানপ্রদান হয়ে যায় কিন্তু এর ফলে। বিশ্ব এগিয়ে গেছে কিন্তু আমরা এখনও পেছনে পড়ে আছি। এখন আমদের সামনে এগোতে হবে।

আগুন

গত চার-পাঁচ বছরে গান, অভিনয়, সবক্ষেত্রেই বাংলা ভাষায় দারুণ দূষণ ঘটেছে। তবে সার্বিকভাবেই সেই সময়ের তুলনায় বর্তমানে শব্দ দূষণ অনেক কমেছে। আগের চেয়ে অনেকটা সংশোধিত হয়েছে সব কিছু, আরো হবে ভবিষ্যতে। এসব আসলে দীর্ঘ সময় থাকতে পারে না। যা সত্য, সাবর্জনীন তাই টিকে যায় শেষ পর্যন্ত। তবে ভাষায় সংযোজন-বিয়োজন আবশ্যিকভাবেই হবে। বহতা নদীর মতো গতি নিয়ে ভাষা এগিয়ে যাবেই। আমার বাবার সময়ের সঙ্গে আমার সময়ের ভাষায় অনেক পার্থক্য। আমরা যেসব যানবাহন দেখি বা গানে যে প্রযুক্তি ব্যবহার করি, তা নিশ্চিতভাবেই আমার বাবার সময়ে ছিল না।

ভাষায় দূষণ ঘটিয়েছে ডিজুস প্রজন্ম। এজন্য তাদেরই বা দোষ দেই কি করে! তারা না বুঝে, প্রজন্মের জোয়ার ভিন্ন পথে নিয়ে গেছে। আমার মতে, দায়ী হলো তাদের অভিভাবকরা। আর অভিভাবকরা যদি নিজেই শিক্ষিত না হয়, সন্তানদের কিভাবে শিক্ষিত করে তুলবেন তারা। নিজেদের কৃষ্টি, সংস্কৃতির শিক্ষা যদি না দেওয়া হয়, নিজেদের শিকড়ের সঙ্গে যদি পরিচয় না করিয়ে দেওয়া হয়, তবে এমন ঘটাই স্বাভাবিক। আশা করবো আমাদের ভব্যিষৎ আরো ভালো হবে।

ফরিদা পারভীন

অনেকে অনেক রকমের গাইছে। আমি লালন সাঁইজির গান নিয়েই বলি। আজকাল তার গান গাওয়ার সময় উচ্চারণে কিন্তু অনেক গলতি থেকে যাচ্ছে। আর উচ্চারণ ঠিক না থাকায় গানের বাণী ও ভাব মানুষের মনে পৌঁছাতে পারছে না, সঠিক আবেদন তুলে ধরতে পারছে না। প্রশ্ন আসে, আজও কেন সাঁইজির গান পুরো মাত্রার নাগরিক হলো না? তার কারণ, প্রত্যেক গানেরই নিজস্ব চলন আছে, গায়কী, তাল, লয় ও ছন্দ আছে। আরো একটা দরকারী বিষয় হলো, গান গাইতে পরিশীলত কণ্ঠ দরকার। গুরুর তালিম দরকার। এই সব মিলিয়ে গানের মাধুর্য ও আবেদন চিরস্থায়ী আসন পায়।

সংগীত শিক্ষা এক রকমের আর আধ্যাত্মবাদের শিক্ষা আরেক রকমের। দুইই কিন্তু গুরুমুখী। ফকিররা ক্ষুন্নিবৃত্তির উদ্দেশ্যে, বা পথে পথে ঘুরে গান গেয়ে বেড়িয়েছেন। অজান্তেই এক গানের সঙ্গে অন্য গান, এক শব্দের ভুল উচ্চারণ করেছেন। তারা ভাবের কথাও বলেছেন। কিন্তু শৃঙ্খলাবোধের অভাবে কখনো কাঠামোবদ্ধ এবং গঠনমূলক হয়ে উঠতে পারেননি তারা। বলে রাখা দরকার, তারা কিন্তু পরম্পরার লণ্ঠন বয়ে চলেছেন। অপরদিকে ফেরদৌসী রহমান, লায়লা আর্জুমান্দ বানু প্রমুখরা যে গান গেয়ে গেয়েছেন সেগুলো আজও সমাদৃত। এর একমাত্র কারণ, তাদের পরিশীলত কণ্ঠ ও উচ্চারণ প্রশিক্ষণ-জ্ঞান। আমি বাংলায় পড়াশোনার কারণে উচ্চারণের জন্য বিশেষ শিক্ষা পেয়েছি। কিন্তু আজকে গান করা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। সাঁইজি কখনও ফ্যাশন, ভড়ং, আতিশয্যকে প্রশয় দেননি।

একটা গানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকে গঠনমূলক একটা চলন। যে চলনের পরতে পরতে গাঁথা হয় ভাব ও ভাষা। ‘এই পদ্মা এই মেঘনা’- গানটি আমি যদি না গাইতাম, যদি লতা মঙ্গেশকর অথবা সন্ধ্যা মুখোপাধ্যায় গাইতেন তাহলে হয়তো আরো ভালো হতো। কারণ তাদের গুণাবলী শুধু না, গানের ভাষা মাধুর্য ও গভীরতা সার্বজনীন। আমি আরো গেয়েছি, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম’। গানটির ভাষা লালিত্য ও আবেদন চিরস্থায়ী স্থান করে দিয়েছে। তাই বলি আজকাল ফিউশনের নামে কনফিউশন তৈরি হচ্ছে। স্বাভাবিককে অস্বাভাবিক বা অস্বাভাবিককে স্বাভাবিকে রূপান্তরে আদৌ কিছু লাভ হয় না। বিষয়টা গিয়ে শেষ পর্যন্ত দাড়ায় -‘চিরদিন ইচ্ছা মনে আল ডিঙ্গায়ে ঘাস খাবা’র মতো। দেখেন এই গানে সাঁইজি কীভাবে গ্রামীন চিত্রকে তুলে ধরেছেন। জমির সীমানা চিহ্ন যে আইল, তার সঙ্গে মানব মনের রূপক তুলণা করছেন তিনি। আরো বলছেন, “ডাবার পরে মুগুড় প’লে,/সেই দিনে গা টের পাবা/ মন সহজে কি সই হবা।” অর্থাৎ তোমার অসংলগ্নতা ধরা পড়লে তার ফলাফল তুমি পাবে। তোমার যে সাধন ভজনে মন নাই, কোনো শুদ্ধতার ধার না ধেরে আল ডিঙ্গায়ে ঘাস খেয়ে বেড়াচ্ছেন। এসব আপনি করতে পারবেন না সারা জীবন।

আপেল মাহমুদ

প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে, যাদের নাম স্মরণ করতে পারলাম না। যারা আমাদের গানের ভাণ্ডারে যুক্ত করেছেন বিবিধ ও অমূল্য রতন। টিএইচ শিকদার, আবু হেনা মোস্তফা কামাল, কেজি মুস্তাফা, সিকান্দার আবু জাফর, শামসুর রাহমান, মুস্তাফিজুর রহমান গামা, অধ্যাপক আলিমুজ্জামান চৌধুরী, ড. মোহাম্মদ রফিকুজ্জামান, ড. মনিরুজ্জামন। অপূর্ব সব গান লিখতেন। এরপরে এলেন গাজী মাজহারুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, শহীদুল্লাহ ফরায়েজী, মনিরুজ্জামান মনির, মুন্সি ওয়াদুদ, শাহ আলম সরকার। কিন্তু এদের পরবর্তীতে সবশেষ নাম বলতে পারছি প্রিন্স মাহমুদের, যার গান আমাকে মুগ্ধ করেছে। এরপর আর কাউকে পেলাম না, যাদের লেখা চিরদিন হৃদয়ে গেঁথে থাকার মতো কিছু। আর এইসব নাম বলছি কারণ, এদের অবর্তমানে দেখুন এখনকার গানের অবস্থা। বলতে হয়, এখন অবক্ষয় চলছে বাংলা গানে। আমাদের সময়ে নানা রঙের পদ্মের সমাহার ছিল। কেউ লাল পদ্ম, কেউ নীল পদ্ম, কেউ বেগুনী, কেউ সাদা, ইত্যাদি। কিন্তু এখন পদ্মের দেখা পাওয়া মুশকিল। একেবারেই নেই তাও না, তবে অধিকাংশ আগাছার ভিড়ে তার খোঁজ কষ্টসাধ্য...এমনকি তাল, ছন্দ, লয়ের যে ব্যাকরণ তাও মানছে কেউ...আমি তো ক্যাজুয়াল আর্টিস্ট, কিন্তু যারা পেশাদার হয়েছেন তাদের গানই তো ভুলতে পারবেন না। রেসিপিই যদি বলি, গান তৈরির ক্ষেত্রেই একটা নিয়ম বা রীতি আছে। এখনকার সময়ে দেখছি সেটাও অনুপস্থিত। তাই বলছি, ওদের আরো ভাবতে হবে। ভাবনাহীন কথা, ভাবনাহীন সুর- অসুরে পরিণত হয়। একটা উপন্যাসের চেয়ে একটা গান লেখা কঠিন। এর জন্য দরকার জ্ঞানের চর্চা করা। সঙ্গে চালু থাকবে গানের চর্চা। সবশেষ কথা হলো, এইদিন প্রতিদিন হোক ভাষার দিন, এইদিন প্রতিদিন হোক একুশে ফেব্রুয়ারি।