২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাগিন’এর দখলে ভারতীয় টিভি

রিয়ালিটি শো ‘পাওয়ার কাপল’ কিংবা ‘কমেডি নাইটস উইথ কাপিল’-এর জনপ্রিয়তা চোখে পড়েছে সবারই। কিন্তু ভারতীয় টিভি এখনও হিন্দি সিরিয়ালেরই দখলে। ভারতীয় টিভিতে সবচেয়ে বেশি দর্শক টানছে এখন ‘নাগিন’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 06:22 PM

Updated : 25 Jul 2022, 09:21 PM

হিন্দুস্তান টাইমস বলছে, ভারতের ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের তথ্য অনুযায়ী ‘নাগিন’ আবারও পড়েছে সেরার মুকুট। ফেব্রুয়ারি মাসের পরিসংখ্যান বলছে, টিভির প্রাইম টাইম অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৯টা - এই সময়টুকুতে সবচেয়ে বেশি দর্শক টেনেছে এই কল্পকাহিনিভিত্তিক সিরিয়ালটি। টিভি শোয়ের রেটিং-এর ভাষায়

‘নাগিন’- এর ইম্প্রেশন স্কোর এখন ২ কোটি ৬ লাখ ৮০ হাজার।

এই সিরিয়ালটির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে ভারত-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচগুলোর।ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ দুটি ১ কোটি ৬৩ লাখ ১২ হাজার এবং ১ কোটি ৩৯ লাখ ৯২ হাজার ইম্প্রেশন স্কোর নিয়ে যথাক্রমে আছে দ্বিতীয় এবং চতুর্থ অবস্থানে।

এছাড়া ১ কোটি ৪২ লাখ ৬১ হাজার ইম্প্রেশন নিয়ে তৃতীয় অবস্থানে আছে জি টিভির ‘কুমকুম ভাগ্য’। একই চ্যানেলের ‘যোধা আকবর’ ১ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ইম্প্রেশন নিয়ে আছে পঞ্চম অবস্থানে।

কালারস চ্যানেলের টিভি সিরিজগুলোর মধ্যে ‘নাগিন’, ‘সাসুরাল সিমার কা’ এবং ‘কমেডি নাইটস লাইভ’আছে সেরা তিনে। ‘কমেডি নাইটস লাইভ’-এর শেষ শোটি অর্জন করেছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা।

চ্যানেলগুলোর মধ্যে প্রথম তিনটি অবস্থান দখল করে আছে স্টার প্লাস, কালারস এবং জি টিভি।