২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ক্যাটকে হারালেন দিপিকা

রানবির কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ক্যারিয়ারের দিকে বেশ মনোযোগী হয়েছেন ক্যাটরিনা কাইফ। কিন্তু জনপ্রিয়তার জরিপে তার সব সময়ের প্রতিদ্বন্দ্বী দিপিকা পাড়ুকোনের কাছে আরো একবার হেরে গেলেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 05:28 PM

Updated : 12 Apr 2022, 01:27 AM

সম্প্রতি এক জরিপের আয়োজন করে অরম্যাক্স মিডিয়া, সেখানেই সেরার মুকুটটি অল্পের জন্য ফসকে যায় ক্যাটের হাত থেকে।

অরম্যাক্স স্টারস ইন্ডিয়া লাভস নামের এই জরিপে উঠে এসেছে শুধুমাত্র জানুয়ারি মাসের সেরা অভিনেত্রীদের নাম। ভারতের ২৯টি শহরের মানুষের মধ্যে চালানো এই পরিসংখ্যানে দেখা গেছে সাধারণ দর্শকদের কাছে সবচেয়ে প্রিয় দিপিকা। এর পরের অবস্থানেই আছেন ক্যাটরিনা কাইফ।

তালিকার তৃতীয় স্থানে আছেন প্রিয়াংকা চোপড়া। এরপর আছেন কারিনা কাপুর খান এবং কাজল। এছাড়াও সেরা দশে আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত, সোনাকশি সিনহা এবং জ্যাকুলিন ফার্নান্দেজ।

এ বছর কোনো হিন্দি সিনেমার কাজ এখনও হাতে নেননি দিপিকা। কিন্তু গত বছরের লাগাতার সাফল্য সেরার খেতাবটি এনে দিয়েছে বলিউডের ‘মাস্তানি’কে। 'বাজিরাও মাস্তানি' আর ‘পিকু' অনবদ্য সাফল্যের পর এ বছরের শুরু থেকেই আলোচনায় আছে ভিন ডিজেলের বিপরীতে তার প্রথম হলিউডি সিনেমা ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেইজ’।

অপরদিকে নিয়মিত আলোচনায় থাকলেও অভিনয় দিয়ে দর্শকের মনে স্থান করে নিতে পারছেন না ক্যাট। ‘ফ্যান্টম’ সিনেমাটিন বক্স-অফিসে মুখ থুবড়ে পড়ার পর সম্প্রতি মুক্তি পাওয়া ‘ফিতুর’ও  তেমন একটা সাড়া ফেলতে পারছে না বলেই শোনা যাচ্ছে।