এসেছে নতুন গোয়েন্দা...
সাহিত্যের পাতা থেকে একে একে উঠে আসছেন গোয়েন্দারা। ফেলুদাকে দিয়ে যে যাত্রার সূত্রপাত হয়েছিল সে যাত্রায় একে একে যোগ দিয়েছেন ব্যোমকেশ, কাকাবাবু, শবর। এবার আসছেন কিরীটী রায়।
চলতি বছরের মার্চ মাস থেকেই টালিগঞ্জের পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় শুরু করবেন নীহাররঞ্জন গুপ্তের সৃষ্ট গোয়েন্দা চরিত্র কিরীটী রায়কে সেলুলয়েডে আনার কাজ। আর এর মাধ্যমেই রূপালি পর্দায় অভিষেকটা হতে যাচ্ছে প্রাইভেট ডিটেকটিভ কিরীটী রায়ের। বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীকে কিরীটী রূপে দেখবেন দর্শকরা।
নির্মাতা বলেন, “আমাকে টলিউডের একজনের নাম বলুন যিনি চিরঞ্জিতের চেয়ে ভালো কিরীটী হতে পারবে? ঔপন্যাসিক তার গোয়েন্দার বর্ণনায় যা লিখেছেন তার সঙ্গে চিরঞ্জিতের দৈহিক গঠনের বেশ মিল আছে। কিরীটীর বয়স ও ব্যাক্তিত্বের সঙ্গে চিরঞ্জিতই সামঞ্জস্যপূর্ণ।”
অনিকেত আরো জানালেন, “কিরীটী রায়ের বহু ইলাস্ট্রেশন করেছেন চিরঞ্জিতের বাবা বিখ্যাত কার্টুনিস্ট শৈল চক্রবর্তী। ঐ ইলাস্ট্রেশনগুলোও আমাদের সহায়তা করেছে। একই সঙ্গে শার্লক হোমসকেও মাথায় রাখছি আমি, যখন কিরীটীর সাজসজ্জা ও চেহারা নিয়ে সিদ্ধান্ত নেবো। শার্লকের মতোই কিরীটীও ওভারকোট পরে এবং তামাকের জন্য পাইপ ব্যবহার করে।”
অন্য পরিচালকদের মতো গল্পকে বর্তমান সময়ের পটভূমিতে ফেলার পক্ষপাতি নন অনিকেত। মূল গল্পের প্রেক্ষাপট পঞ্চাশের দশক। তিনি বলেন, “১৯৫০-এর সময়টাকে নতুনভাবে সাজাবো আমি। কিন্তু তার অর্থ এই না, ব্যাকগ্রাউন্ডে কিছু পুরাতন আসবাবপত্র ফেলে রাখবো। আমি ওই সময়ের রাজনৈতিক ঘটনাগুলো দেখাবো, সময়ের সত্যতা নিশ্চিত করবে সেসব ঘটনা। চিত্রনাট্য লেখার সময় মূল গল্পের সঙ্গে রাজনৈতিক ঘটনা সংযুক্ত করা হয়েছে।”
“এখানে আমাকে প্রমাণ করতে হবে, রহস্য সমাধানে অন্যান্য গোয়েন্দার চেয়ে কতোটা স্বতন্ত্র হতে পারে কিরীটী রায়। বলা দরকার, ফেলুদা ও ব্যোমকেশ বক্সীর রহস্যর দিকে এগিয়ে যাওয়া ও জট খোলার পদ্ধতি প্রায় এক।”
অনিকেত চট্টোপাধ্যায় এর আগে বানিয়েছেন ‘বাই বাই ব্যাংক’, ‘গোড়ায় গণ্ডগোল’, ‘রুম নাম্বার ১০৩’-এর মতো সিনেমাগুলো।
এদিকে অনিন্দ্য বিকাশ দত্ত ঘোষণা দিয়েছেন তিনিও কিরীটী রায়কে নিয়ে চলচ্চিত্র বানাবেন। ইন্দ্রনীল সেনগুপ্তকে কেন্দ্রীয় চরিত্রে রেখে ‘কালোভ্রমর’ গল্পটিকে রূপালি ফিতায় তোলার পরিকল্পনা তার।
