‘সালমানের সিনেমা বরাবরই ভালো'
এবার রূপালী পর্দায় জমে উঠতে চলেছে আমির খান আর সালমান খানের লড়াই। দুজনই কুস্তিগীর হিসেবে আবির্ভূত হতে চলেছেন ভিন্ন ভিন্ন সিনেমায়। এদিকে সালমানকে একজন কুস্তিগীরের ভূমিকায় দেখতে উদগ্রীব হয়ে আছেন বলেই জানালেন আমির।
'নিরজা'র প্রিমিয়ারে সালমানের পরবর্তী সিনেমা 'সুলতান' নিয়ে নিজের প্রত্যাশার কথা ব্যক্ত করেন আমির। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বরেন, "সালমানের সিনেমা বরাবরই ভালো হয়। তাই 'সুলতান'-এর বেলায় আমার প্রত্যাশার পারদটা বেশ উঁচুতে। যেমন সবাই তার সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, আমিও অপেক্ষা করছি। আশা করছি অবশ্যই এটি একটি ভালো সিনেমা হতে যাচ্ছে"।
হারিয়ানার একজন পেশাদার কুস্তিগীরের অবতারে 'সুলতান'-এ দেখা যাবে ৫০ বছর বয়সী সালমানকে। তার বিপরীতে দেখা যাবে আনুশকা শর্মা।
নিজের সিনেমা ‘দাঙ্গাল' নিয়েও কথা বললেন আমির।
"এটা ‘থ্রি ইডিয়টস' এর মতো কোনো সিনেমা নয়, তবে ‘গাজিনি'র সঙ্গে কিছুটা মিল রয়েছে। আমাকে ছ মাসে প্রায় ২৫ কেজি ওজন বাড়াতে হয়েছে পেশিবহুল দেহ ফুটিয়ে তোলার জন্য।"
তবে নিজের আগের চেহারাতে ফেরাতেও বেশ ঘাম ঝড়াতে হচ্ছে তাকে। আমির জানালেন, চার থেকে ছয় মাস লেগে যেতে পারে আগের রূপে ফিরতে।
'সুলতান' এ সালমান কুস্তিগীরের ভূমিকায় হাজির হচ্ছেন ৮ জুলাই। আর আমিরের 'দাঙ্গাল' মুক্তি পাচ্ছে ২৩ ডিসেম্বর।
