বলিউড তারকাদের ভয়
ভয় তো সবাই পায়। এই তালিকা থেকে রূপালী পর্দার সাহসী নায়ক-নায়িকারাও কিন্তু বাদ যান না। খুনে গুণ্ডাদের ঠেঙ্গিয়ে, আকাশ-পাতাল জয় করে লক্ষ্যে পৌঁছে যাওয়া এই নায়ক-নায়িকারা বাস্তব জীবনে কি ভয় পান?
এবার বলিউড তারকাদের দিকে ভয়কে জয় করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সোনম কাপুর। নিজের নতুন সিনেমা 'নিরজা'র প্রচারের অংশ হিসেবে তিনি সবাইকে আহ্বান জানান তারা কি ভয় পান এবং সে ভয়কে কিভাবে জয় করেছেন তা জানিয়ে দেয়ার।
সোনামের এই অভিনব চ্যালেঞ্জে সাড়া দিয়েছেন অনেক বলিউড তারকাই।
ভয়কে জয়ের এই চ্যালেঞ্জে সোনাম বলেন নিজের ভয়ের কথা। বাবা অনিল কাপুরকে হতাশ করবেন, এটাই ছিল তার সবচেয়ে বড় ভয়।
অন্য তারকাদের মধ্যে সবার আগে এগিয়ে এসেছেন অভিনেতা-নির্মাতা আরবাজ খান। তিনি জানিয়েছেন তার উচ্চতাভীতির কথা।
সোনামের বাবা অনিল কাপুর জানিয়েছেন খাবার নিয়ে তার অস্বস্তির কথা। জানান, খাবারের ব্যাপারে তিনি অনেক বেশি খুঁতখুঁতে।
অভিনেত্রী হুমা কুরেশি জানিয়েছেন যে তিনি দুঃস্বপ্ন নিয়ে ভীত।
এশা গুপ্তা বলেন যে, তিনি উঁচু থেকে পড়ে যাওয়া নিয়ে ভয় পেতেন। জানান, স্কাই ডাইভিং চর্চা করে এই ভয় থেকে বেরিয়ে আসেন তিনি।
সালমান খান বলেন তার বাবা সেলিম খানের দেয়া একটি উপদেশের কথা। তিনি বলেছেন-“ভয়ই মৃত্যু ডেকে আনে”। আর সেটাই সালমান বিশ্বাস করেন।
পারিনিতি চোপড়া ভয় পান যে, উড়োজাহাজ ঠিকভাবে অবতরণ করতে পারবে কি না।
তার বোন প্রিয়াঙ্কা চোপড়া বলেন অন্য ধরনের এক ভয়ের কথা। পিসির ভয়, মোবাইল না থাকলে তিনি কি করবেন! যার নাম তিনি দিয়েছেন ‘নো-মো ফোবিয়া’।
রাজকুমার রাও ভয় পান যে, হয়তো হঠাৎ একদিন তিনি অভিনয় ভুলে যাবেন।
অপরদিকে নিল নিতিন মুকেশ ভয় পান একা থাকতে। অনুপম খেরের ভয় স্মৃতি হারিয়ে ফেলার।
এই ভিন্ন ধরনের কর্মসূচি শুরু হয়েছে যাকে কেন্দ্র করে, সেই নিরজা ভানোত ছিলেন অসম সাহসী এক নারী। মাত্র ২৩ বছর বয়সী এই বিমান কর্মকর্তা সন্ত্রাসী হামলার শিকার এক উড়োজাহাজের যাত্রীদের বাঁচাতে নিজের প্রাণ বিসর্জন দেন। নিজের প্রাণের ভয় ত্যাগ করে তিনি বাঁচান ৩৫৯ জনকে।
দীর্ঘ ৩০ বছর পর নিরজাকে নিয়ে বলিউডে নির্মিত হয়েছে আত্মজীবনীমূলক সিনেমা ‘নিরজা’। এতে নাম ভূমিকায় দেখা যাবে সোনামকে।
রাম মাদভানী নির্মিত ‘নিরজা’ মুক্তি পাচ্ছে ১৯ ফেব্রুয়ারী।
