বিচ্ছেদের পথে মালাইকা-আরবাজ?
গত দু বছর ধরে যেন বলিউডে চলছে বিচ্ছেদের মৌসুম। হৃত্বিক রোশান-সুজান খান এবং ফারহান আখতার-অধুনা ভবানীর বিচ্ছেদের পর এবার শোনা যাচ্ছে মালাইকা আরোরা খান এবং আরবাজ খান দম্পতিও সে পথে পা বাড়াচ্ছেন।
এই গুজবটা ছড়ায় নতুন টিভি শো ‘পাওয়ার কাপল’ থেকে মালাইকার সরে যাওয়ার পর। স্বামী আরবাজের সঙ্গে মিলে অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করতে থাকা মালাইকা হঠাৎ করেই জানুয়ারির শুরুতে সরে দাড়ান।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় দৈনিক মিডডে বলছে, দাম্পত্য জীবনে টানাপড়েনের কারণেই এখন ক্যামেরার সামনে একসঙ্গে আসতে চাচ্ছেন না মালাইকা।
ওদিকে স্পটবয় ডটকমের ভাষ্যে, ইতোমধ্যেই নিজের ছেলে আরহানকে নিয়ে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার বাড়ি থেকে চলে গেছেন মালাইকা।
সূত্র আরো বলছে, আপাতত ছোট বোন অমৃতার ফ্ল্যাটে উঠেছেন মালাইকা। এমনও শোনা যাচ্ছে, যুক্তরাজ্যভিত্তিক এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম চলছে তার।
অবশ্য এই খবরকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন 'ছাইয়া ছাইয়া' তারকা। তিনি বলেন, "অনুষ্ঠানটির মূল কাঠামো এমনভাবে তৈরি হয়েছে, যেখানে আমি শুধু বিশেষ কয়েকটি পর্বে অংশ নেবো। আরবাজের সঙ্গে আমার কোনো সমস্যা চলছে না। আমি শুধু কয়েকটি পর্বে কাজ করার জন্যেই অনুষ্ঠানটিতে চুক্তিবদ্ধ হয়েছি।"
১৯৯৮ সালে ক্যারিয়ারের শুরুর দিকেই সালমান খানের ভাই আরবাজকে প্রেম করে বিয়ে করেন মালাইকা।
