২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব এপ্রিলে

বিশ্ববিদ্যালয়গামী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে এ বছরের এপ্রিলে বসছে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের অষ্টম আসর । গত বছরের ২৫ অক্টোবর শুরু হয়েছে চলচ্চিত্র জমা নেওয়া, চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 03:51 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

অষ্টম আসরে অংশগ্রহণকারীদের সংখ্যা অন্য সব আসরকে ছাড়িয়ে গেছে বলে জানান, সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসনাইন মাহমুদ।

"২৫ শে অক্টোবর থেকে কল ফর এন্ট্রি শুরু হবার পর দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে চলচ্চিত্র জমা পড়েছে সাড়ে ছয়শরও বেশি। আশা করি, অবশিষ্ট দিনগুলোতে এই সংখ্যাটি আরও বাড়বে"।

উৎসবের অষ্টম আসর কিছুটা ভিন্ন মাত্রা পাচ্ছে, কেননা প্রথমবারের মতো উৎসবের গণ্ডি ঢাকা ছাড়িয়ে যাচ্ছে চট্টগ্রামে। 

হাসনাইন মাহমুদ বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক মিলনায়তন (টিএসসি) এবং ঢাকার অঁলিয়স ফ্রসেজ ছাড়াও চট্টগ্রামের অঁলিয়স ফ্রসেজেও প্রদর্শিত হবে এবারের উৎসবের চলচ্চিত্রগুলো"।

বরাবরের মতো এবারও দুটি অংশে উৎসবটিকে ভাগ করা হয়েছে - সাধারণ ও প্যানারোমা । দুটি অংশেই ফিকশন ও নন-ফিকশন দুই বিভাগে চলচ্চিত্র জমা দেয়া যাবে। একজন নির্মাতা সর্বোচ্চ ২টি চলচ্চিত্র জমা দিতে পারবেন ।

প্রতিযোগীরা অনলাইনে (dufs.org.com)  অথবা সরাসরি টিএসসিতে চলচ্চিত্র সংসদের কার্যালয়ে নিজেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দিতে পারবেন। বিচারকদের বাছাই করা ৬০টি চলচ্চিত্র চূড়ান্তভাবে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবে। সেরা নির্মাতা পাবেন জহির রায়হান বেস্ট শর্ট ২০১৬ পদক।

উৎসবের মূল আসরের পর্দা উঠবে এপ্রিলের ২০ তারিখে। ৬ দিনব্যাপী এই আয়োজনটি চলবে এপ্রিলের ২৫ তারিখ পর্যন্ত।