জার্মান চলচ্চিত্রের নকল ‘বাজরাঙ্গি ভাইজান’?
ভিনদেশি সিনেমার গল্প চুরি করে ‘অনুপ্রেরণা’র তকমা লাগানো বলিউডের জন্য নতুন কিছু নয়। এবার শোনা যাচ্ছে ফিল্মফেয়ার আসরে সেরা গল্পের পুরস্কার জেতা সালমান খানের ব্লকবাস্টার হিট সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’ও রয়েছে সেই দলে।
গসিপ ওয়েবসাইট এসকেজে বলিউড নিউজ বলছে, জার্মান পরিচালক উইম ওয়েন্ডার্সের সিনেমা ‘অ্যালিস ইন দ্য সিটিস’-এর গল্পের সঙ্গে ব্যাপক মিল পাওয়া গেছে কবির খান পরিচালিত ‘বাজরাঙ্গি ভাইজান’-এর। জার্মান চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭৪ সালে।
সিনেমায় দেখানো হয় এক লেখককে পরিস্থিতির শিকার হয়ে একটি বাচ্চা মেয়ের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়। মেয়েটিকে যেভাবেই হোক নিরাপদে পৌঁছে দিতে তার দাদির কাছে। মূলত ভারত-পাকিস্তানের পটভূমিতে নির্মিত হলেও ‘বাজরাঙ্গি ভাইজান’-এর গল্প কিন্তু অনেকটাই এরকম।
নকলের অভিযোগ এবারই প্রথম ওঠেনি ‘বাজরাঙ্গি ভাইজান’এর বিরুদ্ধে। সিনেমাটি মুক্তির আগে বোম্বে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন মাহিম জোশি নামের এক লেখক। মাহিমের অভিযোগ ছিল, তার লেখা গল্প থেকে চুরি করা হয়েছে সিনেমাটির কাহিনি।
১৯৮৭ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘পাসিভাদি প্রানাম’-এর সঙ্গেও মিল খুঁজে পাওয়া যায় ‘বাজরাঙ্গি ভাইজান’এর গল্পের।
গত বছর জুলাইয়ে মুক্তি পায় ‘বাজরাঙ্গি ভাইজান’। সালমান ছাড়াও এতে অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান, নাওয়াজউদ্দিন সিদ্দিকি এবং হারশালি মালহোত্রা।
এতে দেখানো হয় পাকিস্তান থেকে ভারতে এসে হারিয়ে যাওয়া এক বোবাকে নিরাপদে নিজের দেশে পৌঁছে দেয়ার দায়িত্ব কাঁধে নেয় এক ভারতীয় যুবক। সালমানের ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে ব্যবসাসফল সিনেমা এটি।
