ভারতে ধর্মীয় অসিহষ্ণুতা: ভোল পাল্টালেন আমিরও
তীব্র সমালোচনার মুখেও ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে নিজের মন্তব্যে অটল ছিলেন আমির খান। কিন্তু শাহরুখ খানের মতো তিনিও ভোল পাল্টালেন। এখন বলছেন, ভারতে ধর্মীয় অসিহষ্ণুতা রয়েছে - এমন কথা কখনোই বলেননি তিনি।
আমি আমার দেশকে ভালোবাসি, আমি এখানে জন্ম নিয়েছি এবং এখানেই মরবো। আমি কোনো দিন ভাবিনি দেশ ছেড়ে যাওয়ার কথা এবং এমন কাজ আমি কখনো করবো না। আমি কখনো বলিনি ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা রয়েছে।
তার নামে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে আমির বলেন, আমি বুঝতে পারছি মানুষ কেন আমার উপর রেগে আছে। কিন্তু এসব কথায় কোনো সত্যতা নেই।
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার বিষয়টি গত বছরজুড়েই আলোচনায় ছিল। নভেম্বরে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শাহরুখ খান বলেন, ভারতীয় ধর্মী অসিহষ্ণুতা রয়েছে। তীব্র সমালোচনার মুখে পড়ার পর সুর বদলান তিনি। দাবী করেন, এমন কথা কখোনোই বলেননি। এদিকে এক অনুষ্ঠানে দিল্লিতে গরুর মাংস খাওয়ার গুজবের ভিত্তিতে এক মুসলমান ব্যক্তিকে পিটিয়ে হত্যাসহ নানা ঘটনার প্রেক্ষিতে আমির বলেন, এসব বিষয় নিয়ে তিনি শঙ্কিত এবং বাড়িতে যখন তার স্ত্রীর সঙ্গে তার কথা হয়, তখন অনেক সময় দেশে ছেড়ে চলে যাওয়ার প্রসঙ্গও উঠে আসে।
এরপরই আমির ও তার স্ত্রী কিরান রাও-এর তীব্র সমালোচনা শুরু হয়। তারপরও নিজের বক্তব্যে অটল ছিলেন আমির।
কিন্তু এখন নিজের মত বদলে ফেলায় মাইক্রোব্লগিং সাইট টুইটারে আমিরের কড়া সমালোচনা চলছে। এমনকি তার নতুন সিনেমা ‘দাঙ্গাল’ বয়কট করার ঘোষণাও দিয়েছেন অনেকে।
ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করার কুফল হাড়ে হাড়ে টের পেয়েছেন অভিনেতা শাহরুখ খান। গত ডিসেম্বরে মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘দিলওয়ালে’র ব্যবসায় সরাসরি প্রভাব ফেলেছে তার মন্তব্য। প্রায় আড়াইশো কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স-অফিস থেকে কোনো মতে মূলধন উঠিয়ে নিতে পেরেছে।
টুইটার ব্যবহারকারীরা ভাবছেন, শাহরুখের মতো লোকসানের মুখোমুখি হওয়ার ভয়েই এখন ভোল পাল্টেছেন আমির।
