অপর্ণার স্বপ্নভঙ্গ: হোঁচট খেয়েছে ‘আরশিনগর’
টালিগঞ্জের ম্যাটিনি তারকা দেবের অন্তভূর্ক্তি, বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রেহমানের বাংলা সিনেমায় ফেরা, সর্বোপরি উইলিয়াম শেক্সপিয়রের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’কে বাংলা সিনেমার পর্দায় আধুনিক প্রেক্ষাপটে নিয়ে আসা - এসব কারণে গত বছরজুড়ে আলোচনায় ছিল অপর্ণা সেনের ‘আরশিনগর’। কিন্তু মুক্তির পর সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। দর্শকের প্রতিক্রিয়ায় হতাশ হলেও হাল ছাড়ছেন না নির্মাতা অপর্ণা সেন।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে অপর্ণা বলেন, “অবশ্যই, এমন প্রতিক্রিয়ায় আমি খুশি না। সময়ের চেয়ে এগিয়ে ছিল সিনেমাটি। আমার প্রতি এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে দর্শকের, টাইপকাস্ট হয়ে গেছি আমি। ঐ ধরনের সিনেমার জন্য দারুণ প্রতিক্রিয়া পাই আমি। বুদ্ধিজীবীরা সেটা পছন্দ করেন, কিন্তু অন্যরা কিছুই বুঝতে পারেন না।”
তিনি আরও বলেন, “আমি চলচ্চিত্র নির্মাণ করেই যাবো, যেমন আমি চাই। আমার পরবর্তী চিত্রনাট্য গল্পের খাতিরে যদি নিরীক্ষার দাবি তোলে, আমি অবশ্যই করবো। আমি গৎ বাঁধা সিনেমা তৈরি করতে চাই না।”
‘আরশি নগর’ সিনেমাটি মুক্তি পায় ২৫ ডিসেম্বর। অপর্ণা সেনের দীর্ঘ দিনের স্বপ্নের বাস্তবায়ন এই সিনেমা। সিনেমায় দেখা যায় কাল্পনিক শহর ‘আরশিনগর’ প্রতাপশালী খান ও মিত্র পরিবারের শত্রুতার স্বাক্ষী। খান পরিবারের মেয়ে জুলেখা ওরফে জুলির প্রেমে পড়ে মিত্র পরিবারের ছেলে রণজয়, যে একটি ব্যান্ডের ভোকাল। সিনেমায় জুলির চরিত্রে অভিনয় করেছেন ‘বরবাদ’ খ্যাত ঋত্বিকা সেন। এছাড়া দাদিজানের চরিত্রে অভিনয় করে দীর্ঘ দিন পর বাংলা সিনেমায় ফিরেছেন বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রেহমান। আরো দেখা যাবে যিশু সেনগুপ্ত, কৌশিক সেন, রূপা গাঙ্গুলি, জয়শীল ঘোষকে।
বাংলা, হিন্দিসহ বিভিন্ন ভাষার শতাধিক সিনেমার অভিনেত্রী অপর্ণা সেন আশির দশকের শুরুতেই পরিচালক হিসেবে আবির্ভূত হন। প্রথম সিনেমা ‘৩৬ চৌরঙ্গী লেন’-এর জন্য সেরা পরিচালকসহ দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। হিন্দি, বাংলা, ইংরেজি ভাষার ১১টি সিনেমার মধ্যে সবশেষ সিনেমা ‘গয়নার বাক্স’ (২০১৩) বহুল আলোচিত ও জনপ্রিয়।
