পর্ন কমেডি তকমায় কাজ হলো না
মুক্তির আগে অনেক আলোচনার জন্ম দিলেও, বক্স-অফিসে হতাশাজনক সূচনা হয়েছে 'ক্যায়া কুল হ্যায় হাম থ্রি'র। মুক্তির প্রথম দিনে দশ কোটি রুপিও উঠিয়ে আনতে পারেনি ৪৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি।
দর্শক-সমালোচক কেউই সিনেমাটিকে ইতিবাচক ভাবে নেননি। ইন্ডিয়ান এক্সপ্রেসের সমালোচক শুভ্রা গুপ্তা রাখ ঢাখ না করে সিনেমাটিকে দিয়েছেন পাঁচে শূন্য।
এদিকে বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ এর টুইট থেকে পাওয়া যায় সিনেমাটির প্রথম দিনের আয়ের হিসাব, "ক্যায়া কুল হ্যায় হাম থ্রি, শুক্রবার ভারতে ৮ কোটি ১৫ লাখ"।
একই দিনে মুক্তি পাওয়া বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত থ্রিলার ধর্মী সিনেমা 'এয়ারলিফট'কে বরং ভালোভাবে গ্রহণ করেছে ভারতীয় দর্শকরা। ইরাক-কুয়েত যুদ্ধের পটভূমিতে নির্মিত আকশায় কুমারের এই সিনেমার কাছে আয়ের বিচারে হেরে গেছে 'ক্যায়া কুল হ্যায় হাম থ্রি'। 'এয়ারলিফট' প্রথম দিনে আয় করেছে ১২ কোটি ৩৫ লাখ রুপি।
'ক্যায়া কুল হ্যায় হাম' সিরিজের প্রথম সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। তুষার কাপুর ও রিতেশ দেশমুখ অভিনীত সিনেমাটির সিকুয়াল 'ক্যায়া সুপার কুল হ্যায় হাম' মুক্তি পায় ২০১২ সালে। সিরিজের তৃতীয় কিস্তিতে রিতেশের জায়গা নিয়েছেন আফতাব শিভদাসানি। বলা হচ্ছিল বলিউডের প্রথম পর্ন কমেডি এটি।
