২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে কাঁদলেন, কাঁদালেন রাজ্জাক

বিএফডিসিতে ২৩ জানুয়ারি সকাল থেকেই ছিল সাজ সাজ রব। নির্মাতা, অভিনেতা, এমনকি জুনিয়র আর্টিস্টদের মাঝেও ছিল অন্যরকম খুশির আমেজ। সবাই যেন অপেক্ষায় ছিলেন, কখন আসবেন তাদের প্রিয় মানুষটি। এক পলক দেখবেন তাকে, জানাবেন জন্মদিনের শুভেচ্ছা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাকসুদুল হক ইমু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 11:12 AM

Updated : 11 Oct 2022, 07:40 PM

পুরনো খবর:

নায়করাজের সেরা পাঁচ

বেলা ৩ টা নাগাদ এসে হাজির হলেন তিনি। কদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু কর্মস্থলে এসেই যেন সতেজ হয়ে উঠলেন। কারণ তিনি যে নায়করাজ।  

প্রথমেই রাজ্জাক পা রাখেন পরিচালক সমিতিতে। সেখানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, পরিচালক আমজাদ হোসেন, পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকসহ অনেকে। নায়করাজ কেক কেটে সবার সঙ্গে ভাগ করে নেন নিজের জন্মদিনের আনন্দ। 

এসবের মধ্যেই নায়করাজকে নিয়ে স্মৃতিচারনে মেতে উঠলেন তার সহকর্মীরা। সৈয়দ হাসান ইমাম বললেন, “একটা সময় ছিল যখন রাজ্জাক এই এফডিসিতেই থাকতো, তিন শিফট করে শুটিং করতো, শুধুমাত্র রবিবার বাড়ি যেতো। রাজ্জাকের কাছে তোমাদের নতুনদের অনেক কিছু শিখবার আছে”। যখন পরিচালক আমজাদ হোসেন বক্তব্য রাখছিলেন তখন নায়ক রাজের চোখ অস্রুশিক্ত হয়ে পড়ে, নিজেকে সামলাতে না পেরে তিনি অঝোরে কেঁদে ফেলেন। 

নায়করাজ তাঁর বক্তব্যে বলেন “সকলের ভালোবাসা পেয়ে আজ আমি পরিপূর্ণ। স্ত্রী সন্তানদের নিয়ে অনেক সময় অর্ধাহারে দিন কেটেছে আমার। সপ্তাহে ৬৫ টাকা পেতাম টেলিভিশনে একটি অনুষ্ঠান করে, সেই ৬৫ টাকা দিয়ে আমার সংসার চলেছে। একটা সময় পর আমি ‘বেহুলা'র নায়ক হলাম ‘বেহুলা' মুক্তি পেলো। নতুন এক ছবিতে ৫০০ টাকা সাইনিং মানি নিয়ে খুশিতে বাড়ি এলাম। তারপরের কাহিনিটা অনেকেই জানেন। আমরা তখন যুদ্ধ করেছি উর্দু ছবির বিরুদ্ধে।" কথা বলার এক ফাঁকে আবারো কেঁদে ফেলেন নায়করাজ। কান্না ভেজা কণ্ঠে বলে গেলেন, ’’আজকে আমি এই যে নায়করাজ এটা আমার একার পক্ষে সম্ভব হয়নি। আমার শ্রদ্ধেয় শিল্পীরা যারা ছিলেন সিনিয়র, তারা আমাকে বুকে জড়িয়ে নিয়েছিল, তারা শিখিয়েছিল আমাকে। আমার যারা শ্রদ্ধেয় পরিচালক ছিল তারা আমাকে নিয়ে সঙ্গে তিনটা নায়িকা নিয়ে যুদ্ধ ঘোষনা করেছিল। সেই যুদ্ধে আমি একজন সৈনিক হিসেবে কাজ করেছি তাঁদের সঙাগে। শুধুমাত্র রবিবার দিন বাড়ি যেতাম আমি, তখন মেইক আপ রুমের ফ্লোরে শুয়ে থাকতাম আমি, তাও আবার একটুখানি সময়ের জন্য। অনেক কিছু ত্যাগ করেছি জীবনে, এই ত্যাগের বিনিময় আজকে এই যে এত লোক আমাকে ভালোবাসছে তার প্রতিদান আমি পাচ্ছি। সাত কোটি লোকের দেশে জন্ম আমার আর আজকে আমি সতের কোটি লোকের কাছে নায়ক হয়ে আছি। গোটা পৃথিবীর কোনো শিল্পী এমন সম্মান পেয়েছে বলে আমার মনে হয়না। আমি গর্বিত, আমার অহংকার আমি বাংলাদেশের শিল্পী আমি তোমাদের রাজ্জাক এখনো তোমাদের মাঝে জীবিত আছি”। 

নতুনদের উদ্দেশ্যে নায়করাজ রাজ্জাক বলেন “আজকে তোমরা যারা নতুনরা আছো, এভাবে তোমরা একটা চলচ্চিত্র শিল্পকে ধ্বংস হতে দিও না, তাহলে আমি মরেও শান্তি পাবনা। তোমাদের কাছে আজকে আমার জন্মদিনে আমার অনুরোধ তোমরা আবার কাজ শুরু করো। আবার আমাদের মতো যুদ্ধ ঘোষনা করো। সেই হাসান ইমাম হও, সেই আমজাদ হোসেন হও, সেই রহমান হও, সেই কাজী জহির হও। আমি তাদের সাথে যুদ্ধ করেছি, তারা আমাকে নিয়ে যুদ্ধ করেছে, তোমরা যুদ্ধ কর, তোমরা কাউকে কোলে তুলে নাচার চেষ্টা করোনা। আমার মূল্য ঠিক করেছিল তৎকালীন ছবির প্রযোজকরা, আমি আমার মূল্য ঠিক করিনি। আসো সকলে মিলে কাঁধে কাঁধ মিলাই এই ধ্বংসের হাত থেকে আমরা রেহাই পাই”। 

বক্তব্যের শেষ পর্যায়ে আবারও আবেগাপ্লুত হয়ে পড়েন নায়করাজ। বলেন, “তোমরা আমাকে ডেকো, অন্তত এক কাপ চা খাওয়ার জন্য হলেও। আমি তোমাদের মধ্যে থাকতে চাই। কারন আমার আত্মার মধ্যে এফডিসি, আমার রক্তের মধ্যে এফডিসি। তোমরা যখন ডাকবে আমি আসবো”।