২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গেম রিটার্নস’-এ নতুন অবতারে নিরব

ঢাকাই সিনেমার নায়ক নিরব আজকাল শারীরিক কসরত করছেন ভালোই। সঙ্গে মারামারি শিখছেন মনোযোগ দিয়ে। আর এ সবকিছু চলছে তার নতুন সিনেমার জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাকসুদুল হক ইমু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 04:17 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

গত শুক্রবার সন্ধ্যায় বিএফডিসিতে হয়ে গেল নিরবের নতুন সিনেমা ‘গেম রিটার্নস’-এর মহরত। এ সিনেমায় নিরবকে দেখা যাবে এক অপরাধী রূপে, যে টাকার বিনিময়ে একের পর এক খুন করে। চরিত্রটি নিয়ে নিরব বললেন, “গল্পের সঙ্গে নিজেকে প্রেজেন্ট করার জন্য নিয়মিত জিম করছি, ফাইটিংও প্র্যাকটিস করে যাচ্ছি। সেই সঙ্গে নিজের লুকেরও পরিবর্তন আনার চেষ্টা করছি। ‘গেম রিটার্নস’ ছবির গল্পে দর্শকরা একেবারে নতুনত্ব পাবেন। তাছাড়া এ ছবির চরিত্রের সঙ্গে নিজেকে ম্যাচ করাতে অনেক পরিশ্রম করে যাচ্ছি।  সব মিলিয়ে বলবো দর্শক ‘গেম রিটার্নস’-এ একেবারে ভিন্ন নিরবকে দেখতে পাবেন। নিজের সেরাটা দিয়ে কাজটি শেষ করবো। আমি আশা করছি ছবিটি সব মহলে দারুণ প্রশংসিত হবে এবং ব্যবসায়িকভাবে দুর্দান্ত সফলতা পাবে।”

সিনেমাটি পরিচালনা করছেন রয়েল খান। মহরতে নির্মাতা বললেন, “গত বছর আমার নির্মিত ‘গেম’ ছবিটি মুক্তি পায়। বিগত ছবিটির সাফল্যের পর তার সিকুয়াল ‘গেম রিটার্নস’ নির্মিত হচ্ছে। পুরো ছবিতেই দর্শকরা থাকবেন টান টান উত্তেজনার মধ্যে । একই সঙ্গে প্রেম-ভালোবাসাও ফুটে উঠবে। এককথায় চমৎকার গল্পে নির্মিত হবে ‘গেম রিটার্নস’। আশা করি ছবিটি সব শ্রেণির চচ্চিত্রপ্রেমী দর্শকদের ভালো লাগবে।”

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, “‘গেম রিটার্নস’ ছবির পোস্টার দেখে আমি প্রথমেই চমকে উঠি। এমন পোস্টার বাংলাদেশের ছবিতে এই প্রথম দেখলাম। তাছাড়া আমি যতদূর শুনেছি আমার কাছে ছবির গল্পটি দারুণ লেগেছে। আশা করছি ছবিটি সবার কাছে সমাদৃত হবে এবং ব্যবসায়িক সফলতার মুখ দেখবে।”

সিনেমায় নিরবের বিপরীতে দেখা যাবে লাবন্য ও হেলেনকে। আরো অভিনয় করছেন মিশা সওদাগর,ফারুক মজুমদার, আমিন সরকার, ইউসুফ রাসেলসহ অনেকে।  ছবির সংগীত পরিচালনা করছেন আরফিন রুমী, বেলাল খান ও ধ্রুব গুহ। কাহিনী ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন স্থানে পুরোদমে ‘গেম রিটার্নস’ ছবির চিত্রায়নের কাজ শুরু হবে এবং সবকিছু ঠিক থাকলে চলতি বছরই মুক্তি পাবে সিনেমাটি।