এক মঞ্চে সালমান-ক্যাটরিনা
রানবির কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর নিজেকে কাজে ডুবিয়ে দিয়েছেন ক্যাটরিনা কাইফ। নিজের নতুন সিনেমা ‘ফিতুর’-এর প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এবার তাকে দেখা যাবে সালমান খানের উপস্থাপনায় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর মঞ্চে।
রানবিরের সঙ্গে ছয় বছরের সম্পর্কের ভাঙার পরই পুরনো প্রেমিক সালমানকে দেখা যায় ক্যাটরিনাকে সঙ্গ দিতে। বিচ্ছেদের খবর চাউর হওয়ার পরদিনই সালমানের নতুন সিনেমা 'সুলতান'- এর পরিচালক আলি আব্বাস জাফরের জন্মদিনের পার্টিতে দুজনকে একসঙ্গে অনেক সময় কাটাতে দেখা যায়।
জানা যায় রানবির চাননি ক্যাটরিনা ‘বিগ বস’-এ অংশ নিক। ফলে এখন পর্যন্ত ক্যাটরিনাও নিজেকে বিরত রেখেছিলেন। কিন্তু দুজনের বিচ্ছেদের পর সালমানের এই অনুষ্ঠানের নবম সিজনের চূড়ান্ত পর্বে দেখা যাবে ক্যাটকে। সাথে থাকবেন ‘ফিতুর’ সিনেমায় তার সহ-অভিনেতা আদিত্য রয় কাপুর।
রানবির-ক্যাটের সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে বলা হচ্ছে সম্পর্কের ব্যাপারে রানবিরের আনুগত্যের অভাব এবং বার বার বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাওয়ার কথা। তবে ক্যাটকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন তার ‘ভালো বন্ধু' সালমান। শোনা যাচ্ছে সালমানের সঙ্গে দু ঘণ্টা ফোনালাপের পরই রানবিরকে ছাড়ার সিদ্ধান্ত নেন এই তারকা।
