এপারের ‘ভূবন মাঝি' ওপারের পরমব্রত
টালিগঞ্জের নায়করা যখন একের পর এক যৌথ প্রযোজনার সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমার বাজারে পসার জমানোর চেষ্টা করছেন, তখন পরমব্রত চট্টোপাধ্যায় হাঁটছেন একটু ভিন্ন পথে। বিশুদ্ধ বাংলাদেশি সিনেমায় অভিনয় করে চলেছেন তিনি। অনিমেষ আইচের 'ভয়ংকর সুন্দর' - এর পর চুক্তিবদ্ধ হয়েছেন মুক্তিযুদ্ধভিত্তিক সরকারি অনুদানের সিনেমা ‘ভূবন মাঝি'তে।
ফাখরুল আরেফিন খানের পরিচালনায় এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন ‘হেমলক সোসাইটি' খ্যাত এই তারকা। সিনেমায় তার বিপরীতে দেখা যাবে ছোট পর্দার পরিচিত মুখ অপর্ণা ঘোষকে। লালন সাইঁয়ের ভাবাদর্শের অনুসারী নহির বাউলের চরিত্রে অভিনয় করবেন পরমব্রত আর অপর্ণাকে দেখা যাবে এক সভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে ফরিদার চরিত্রে। আরো অভিনয় করছেন মামুনুর রশীদ, সুষমা সরকার, মাজনুন মিজান, কন্ঠশিল্পী ওয়াকিলসহ অনেকে। এ ছবির গানগুলো তৈরী করেছেন কালিকা প্রসাদ।
১৯ জানুয়ারী মঙ্গলবার এ ছবির মহরত অনুষ্ঠানে অংশ নেন পরমব্রত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি তার বলেন, "সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের যে বাজেট, তা খুবই কম। তা দিয়ে একটি ভালো ছবি নির্মান করা কষ্টসাধ্য ব্যাপার। সেখানে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা নিজেদের পকেটের টাকা খরচ করে ছবি তৈরি করছে। এই অদৃশ্য বাজেটের কারণেই আমাদের সংস্কৃতি এগিয়ে যাচ্ছে। ভালো গান হচ্ছে, ভালো ছবি হচ্ছে।"
"মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস একটা ছবিতে তুলে ধরা সম্ভব নয়। বাংলাদেশে মুক্তিযুদ্ধের ওপর অনেক ছবি নির্মিত হয়েছে এবং হচ্ছে। 'ভুবন মাঝি' মুক্তিযুদ্ধের ওপর নির্মিত আর একটি ভালো ছবি হবে বলে আমার বিশ্বাস।"
পরিচালক জানালেন, ৪ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় ছবির শুটিং শুরু হবে।
