বিচ্ছেদ হলো ফারহান আখতারের
অভিনেতা, নির্মাতা এবং গায়ক ফারহান আখতার এবং তার স্ত্রী অধুনা আখতার তাদের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটিয়েছেন। পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই তারা এ সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
বিবাহ বিচ্ছেদের ব্যাপারে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন তারা, যেখানে বলা হয় কোনো প্রকার জটিলতা ছাড়াই সমঝোতার ভিত্তিতে আলাদা হবার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিবৃতিতে আরো বলা হয়, “আমাদের সন্তানরা আমাদের জন্য এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ। দায়িত্ববান বাবা-মা হিসেবে আমরা চাই অনাকাঙ্ক্ষিত গুঞ্জন এবং গণমাধ্যমের দৃষ্টি থেকে আমাদের সন্তান দূরে থাকুক”।
অদূর ভবিষ্যতে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব নিয়েই যেন তারা সামনে এগুতে পারেন, সেজন্য ব্যক্তিগত গোপনীয়তা চেয়েছেন সাবেক এই দম্পতি।
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার মাধ্যমে পরিচালনায় ফারহানের অভিষেক ঘটে ২০০১ সালে। দীর্ঘদিনের প্রেমিকা থেকে ফারহানের জীবনসঙ্গীতে পরিণত হওয়া অধুনা আখতারের একজন চুলসজ্জা বিশেষজ্ঞ হিসেবেও পথ চলা শুরু হয় এই সিনেমা থেকেই।
‘রক অন' তারকা ফারহানের চেয়ে ছয় বছরের বড় অধুনা। ২০০০ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। একসঙ্গে তাদের রয়েছে সাকশা এবং আকিরা নামের দুই মেয়ে।
প্রখ্যাত গীতিকার এবং সুরকার জাভেদ আখতারের ছেলে ফারহান শুধু পরিচালনাতেই নয়, মুন্সিয়ানা দেখিয়েছেন প্রযোজনা, অভিনয়, গান গাওয়া ও লেখাতেও।
অন্যদিকে বাঙালি বাবা ডা. আশীষ ভবানীর মেয়ে অধুনার জন্ম যুক্তরাজ্যে। সেখানেই হেয়ার স্টাইলিং-এ হাতে খড়ি। ৪৮ বছর বয়সী অধুনা মুম্বাইয়ের প্রখ্যাত হেয়ার স্টাইলিং স্যালোন ব্লান্টের একজন অংশীদার।
