বৌকে ডাইনি বলায় মেয়ের উপর চটলেন কবির বেদি
চতুর্থবারের মতো বিয়ে করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় অভিনেতা কবির বেদি। কিন্তু বাবার বিয়েতে খুশি হতে পারেননি মেয়ে পূজা বেদি। সৎ মাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ডাইনি’ বলে বসেন তিনি। আর তাতেই চটে গেছেন বাবা।
নিজের ৭০তম জন্মদিনের মাত্র ১ দিন আগে ১৫ জানুয়ারি যুক্তরাজ্য প্রবাসী পারভিন দুসাঞ্জকে বিয়ে করেন কবির বেদি। বাবার চতুর্থ বিয়েকে মেনে নিতে পারেননি পারভিনের চেয়ে ৪ বছরের বড় পূজা। বাবার বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি তাকে।
একটি টুইটে নিজের সৎ মাকে ‘ডাইনি’ আখ্যা দেন তিনি। অবশ্য পরে টুইটটি মুছে ফেলে ক্ষমা চান।
কিন্তু বিষয়টি একদমই ভালোভাবে নেননি কবির বেদি। তিনি বলেন, "আমাদের বিয়ের কিছুক্ষণ পরই পূজার নেতিবাচক মন্তব্যে আমি খুবই হতাশ হয়েছি। দুর্ব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয়।"
প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি প্রেম করেছেন ৪২ বছর বয়সী পারভিনের সঙ্গে। কবির জানান, বিয়ের সিদ্ধান্ত আরো আগেই নিতে চেয়েছিলেন তারা। কিন্তু পারভিনের পরিবারকে রাজি করাতে এতটা সময় পার হয়েছে।
এর আগে তিনবার বিয়ে করেন কবির বেদি। তার প্রথম স্ত্রী ছিলেন ওড়িষা নৃত্যশিল্পী প্রতিমা বেদিকে, যার সঙ্গে কবিরের দুই সন্তান পূজা ও সিদ্ধার্থের জন্ম হয়।
এক বিবৃতিতে কবির বেদি বলেন, "জীবনে শেষবারের মতো বিয়ে করে আমি খুবই আনন্দিত। আমরা ১০ বছর ধরে প্রেম করছি। একসঙ্গে আমরা লন্ডন, দুবাই, রোম এবং মুম্বাইয়ে বসবাস করেছি। তাই বিয়েটা স্বাভাবিক সিদ্ধান্ত হিসেবেই এসেছে।"
তিনি আরও জানান, লন্ডনে এক মঞ্চনাটকে অভিনয় করার সময় পারভিনের সঙ্গে পরিচয় হয় তার। এরপর ইতালীয় একটি টিভি সিরিজের কাজে এক বছরের জন্য ইতালিতে চলে যেতে হয় কবিরকে। তখন পারভিনকে ইতালিতে এসে থাকতে বলেন তিনি। এরপর থেকে একসঙ্গেই বসবাস করছিলেন দুজন।
