২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইনি জটিলতায় সালমান-শাহরুখ

গত বছরই জীবনের সবচেয়ে বড় আইনি জটিলতা থেকে মুক্তি পেয়েছেন বলিউড তারকা সালমান খান। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবারও নতুন আইনি মারপ্যাঁচে জড়াতে যাচ্ছেন সদ্য পঞ্চাশে পা দেওয়া ‘দাবাং’ তারকা। আর তার সঙ্গে ঝামেলায় জড়াতে চলেছেন কিং খান শাহরুখ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 08:45 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

গত বছর কালাসর্ টিভিতে প্রচারিত রিয়ালিটি টিভি শো ‘বিগ বস’-এর একটি বিশেষ পর্বের প্রচারে নির্মিত বিজ্ঞাপনে দেখানো হয়, একটি মন্দিরে জুতো পায়ে দাড়িয়ে আছেন শাহরুখ-সালমান। আর এতেই চটেছে হিন্দু মহাসভা। দুই খানের বিরুদ্ধে হিন্দু মহাসভার এই অভিযোগটি গৃহীত হয়েছে আদালতে। পরবর্তী শুনানি হবে ১৮ জানুয়ারি।

হিন্দু মহাসভার সভাপতি ভারত রাজপুত এই ঘটনাটির কথা উল্লেখ করে অভিযোগ পত্র দাখিল করেন মিরাটের জেলা প্রশাসক এবং এসএসপির কাছে। এমনকি ইমেইলের মাধ্যমেও কালার্স টিভিকে এই ঘটনার কারণ দর্শাতে বলেন।

তার ভাষ্যে, কোনো ধর্মীয় স্থাপনায় কেউই জুতো পায়ে প্রবেশ করতে পারেন না এবং এরকম অরুচিকর দৃশ্য টিভি চ্যানেলে প্রদর্শিত হলে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। আইনের আশ্রয় নেয়ার ব্যাপারে রাজপুত জানান, টিভি চ্যানেল কর্তৃপক্ষ এবং পুলিশ বাহিনি থেকে এই ঘটনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন।

অভিযোগপত্রে 'বিগ বস' অনুষ্ঠানের সঞ্চালক সালমান খান এবং শাহরুখ খানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হয়।