২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে কি অস্কার পেতে যাচ্ছেন ডিক্যাপ্রিও?

‘চীনের দুঃখ হোয়াংহো, আর অস্কারের দুঃখ ডিক্যাপ্রিও’- এ কথাটি যেন একটি প্রবাদেই পরিণত হয়েছে দিনে দিনে। বিল মারে, ব্র্যাড পিট, জুলিয়ান মুর, এমি অ্যাডামস, জনি ডেপ- এমন অনেকেই আছেন যারা এখনো অস্কার জেতেননি। কিন্তু খুব কাছাকাছি যেয়েও বার বার ব্যর্থ হয়েছেন, এমন হতভাগা শুধু ডিক্যাপ্রিওই । পাঁচ বার মনোনয়ন জুটেছে তার কপালে। কিন্তু শেষমেষ ভাগ্যের শিকে ছেঁড়েনি। তাকে এখন ডাকা হয় রূপালী পর্দার সুসান লুচি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 05:02 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

সুসান ঘটিয়েছিলেন আরেক কীর্তি। টানা ১৯ বার এমি মনোনয়ন মিললেও অবশেষে ‘অল মাই চিলড্রেন’ এর জন্য এমি জিতেছিলেন ১৯৯৯ সালে। ক্যাপ্রিও সম্প্রতি জিতেছেন তার তৃতীয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডটি। ‘দ্য রেভনেন্ট’ সিনেমায় গোল্ডেন গ্লোবজয়ী অভিনয়নৈপুণ্যের জন্য বৃহস্পতিবার আরেকটি অস্কার মনোনয়ন হয়তো ঝুলিতে পুরে নেবেন তিনি। ষষ্ঠবারে কি মিলবে সেই আকাঙ্ক্ষিত স্বীকৃতি?

ক্যাপ্রিওর ভক্তরা প্রতিবারই অস্কার আসরের আগে আশায় বুক বাঁধেন। ব্যাপারটি নিয়ে তৈরি হয়েছে অনেক কৌতুকও - “আপনি যদি কখনও হতাশাবোধ করেন, তাহলে জেনে রাখুন আপনিও ক্যাপ্রিওর সমান অস্কার জিতেছেন”। তবে আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর সিনেমাটি এবার হয়তো সব কৌতুকের অবসান ঘটাতে চলেছে।

নিজের জাত চিনিয়েছিলেন ক্যারিয়ারের একদম শুরুতেই। মাত্র ১৯ বছর বয়সে মানসিক বৈকল্য ভোগা এক কিশোরের ভূমিকায় অভিনয় করেছিলেন ‘হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেইপ’-এ। ১৯৯৪ সালের অস্কার আসরে পেয়েছিলেন পাশ্বর্-চরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন। কিন্তু হার মানতে হয়েছিল ‘আনফরগিভেন’ সিনেমার জিন হ্যাকম্যানের কাছে।

পরবর্তী মনোনয়নটি এলো এর ১১ বছর পর। মার্টিন স্করসেজির ‘দ্য অ্যাভিয়টর'-এর জন্য পেলেন সেরা অভিনেতার মনোনয়ন। সিনেমাটি ৫টি অস্কার জিতলেও বঞ্চিত রইলেন ক্যাপ্রিও। সেবার হেরে গিয়েছিলেন ‘রে’ সিনেমায় সত্তরের দশকের অন্ধ ব্লুজ সঙ্গীত শিল্পীর রে চার্লসের ভূমিকায় অভিনয় করা জেমি ফক্সের কাছে। দুবছর পর মনোনয়ন পেলেন ‘ব্লাড ডায়মন্ড’-এর দুর্ধ্বর্ষ ড্যানি আর্চার চরিত্রটির জন্য। কিন্তু ‘দ্য লাস্ট কিং অফ স্কটল্যান্ড’ সিনেমায় ফরেস্ট উইটেকার চরিত্রে অনবদ্য অভিনয় করেও মিলেছিল মনোনয়ন।

পরের বছরগুলোতে মুক্তি পেয়েছে ‘দ্য ডিপার্টেড’, ‘বডি অফ লাইজ’, ‘ইনসেপশন’, ‘রেভলুশনারি রোড’, ‘শাটার আইল্যান্ড’, ‘জ্যাঙ্গো আনচেইন্ড’-এর মতো অনবদ্য কিছু সিনেমা। কিন্তু মনোনয়নও ভাগ্যে জোটেনি। অবশেষে ২০১৪ সালে স্করসেজির ‘দ্য উলফ অফ ওয়ালস্ট্রিট’-এর জন্য জিতলেন পর পর দুটি মনোনয়ন। সে বছর সেরার পুরস্কারটা নিয়ে গেলেন এইডস রোগীর চরিত্রে ‘ডালাস বায়ার্স ক্লাব’-এ অভিনয় করা ম্যাথিউ ম্যাককনাহে।

এবার ক্যাপ্রিও অস্কার জয় নিয়ে আশার মাত্রাটা একটু বেশি। ‘দ্য রেভনেন্ট’ সিনেমায় শ্বাপদসঙ্কুল এক ভয়ানক বনে এক শিকারীর বেঁচে থাকার জন্য যা যা করা প্রয়োজন তার সবই করেছেন ক্যাপ্রিও। এমনকি বুনো মহিষের মাংসও খেয়েছেন।

ক্যাপ্রিওর গোল্ডেন গ্লোব জেতায় স্বাভাবিকভাবেই তাকে নিয়ে মাতামাতি একটু বেশিই হচ্ছে। শেষ দুবার গোল্ডেন গ্লোব জিতলেও হাতছাড়া হয়েছিল অস্কার। তবে এমন একটি চরিত্রে অভিনয়ের পর, সেটার স্বীকৃতি না পেলে নিঃসন্দেহে সেটি হবে আক্ষেপের বিষয়।