'সীমান্তে বিশ্বাসঘাতকতা, আর কলকাতায় গজল সন্ধ্যা!'
জানুয়ারির শুরুতে ভারতের পাঠানকোটে হয়ে যাওয়া জঙ্গী হামলা নিয়ে তেঁতে আছেন অনেকেই।এর মাঝে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণে কলকাতায় হয়ে গেল পাকিস্তানি শিল্পী গুলাম আলীর সঙ্গীত সন্ধ্যা। টুইটারে এর বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেক ভারতীয়, মমতার সমালোচনায় মুখরও হয়েছেন অনেকে।
বেশির ভাগ টুইটেই মমতার এমন উদ্যোগের সমালোচনা করা হয়েছে বেশ ঢালাওভাবেই। নিজের জাদুকরী কণ্ঠ দিয়ে সাড়া পৃথিবী যেভাবে মাতিয়েছেন গুলাম আলী, ভারতের বর্তমান থমথমে পরিস্থিতিতে এধরণের সঙ্গীত আয়োজনকে নেতিবাচক চোখেই দেখেছেন সমালোচক গোষ্ঠী।
"#পাঠানকোটহামলার মতো আত্মবিশ্বাস বর্ধনকারী উদ্যোগের কারণে গুলাম আলী কলকাতায় আবার গাইবেন (এ কথা বলার পর যে তিনি কোনো দিনই ভারতে আসবেন না)।"
বিদ্রুপের সুরে আরও একজন টুইট করেন, "১২ জানুয়ারি কলকাতায় গুলাম আলীর কনসার্ট।মধ্যরাতে সীমান্তে বিশ্বাসঘাতকতা, আর কলকাতায় গজল সন্ধ্যা!"
মমতা ব্যানার্জির প্রতি ক্ষোভ প্রকাশ করে একজন লেখেন, "গত সপ্তাহে আমরা পাঠানকোটে হারিয়েছি আমাদের দেশপ্রেমিকদের আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীসহ কলকাতার মানুষ পাকিস্তানের গজল শিল্পী গুলাম আলীর গান উপভোগ করছেন। আমি বাকরুদ্ধ!"
পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি দিলিপ ঘোষ মমতার এমন উদ্যোগকে একটি রাজনৈতিক চাল দাবী করে লিখেছেন, "তৃণমূল কনগ্রেস সরকার গুলাম আলীর মতো শিল্পীকে কলকাতায় এনে রাজনীতি করছে।"
এদিকে বেঙ্গল বিজেপির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়, "যখন পুরো রাষ্ট্র পাঠানকোট হামলার জবাব চাইছে, জাতীয়তাবাদবিরোধী মমতা তখন সঙ্গীত অনুষ্ঠানের জন্য পাকিস্তানি শিল্পী গুলাম আলীকে নিয়ে এসেছেন।"
সমালোচনার ঝড়ের মাঝে এসেছে ইতিবাচক মন্তব্যও। শিবসেনাদের ব্যঙ্গ করে একজন লেখেন, “কলকাতার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে গুলাম আলীর কনসার্টটি দর্শকে কানায় কানায় পূর্ণ। শিব সেনারা মুম্বাইয়েই উপদ্রবের সৃষ্টি করতে পারে। অন্য কোথাও নয়!”
