২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলির 'বাদশা' জিৎ

সোহম, ওম এবং অঙ্কুশের পর এবার যৌথ প্রযোজনার সিনেমায় নাম লেখালেন টালিগঞ্জের অ্যাকশন হিরো জিৎ গাঙ্গুলি। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নবাগতা জলির বিপরীতে দেখা যাবে তাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 01:47 PM

Updated : 11 Oct 2022, 07:33 PM

ভারতীয় প্রযোজনা সংস্থার সঙ্গে যৌথভাবে একের পর এক চলচ্চিত্র নির্মাণ করে আলোচনার জন্ম দেয়া জাজ মাল্টিমিডিয়া তাদের অফিশিয়াল ফেইসবুক পেইজে খবরটি প্রকাশ করে। ফেইসবুক পোস্ট থেকে আরো জানা যায়, জিৎকে ইতোমধ্যেই চুক্তিবদ্ধ করা হয়েছে সিনেমাটিতে কাজ করার জন্য।

'বাদশা' নামের এই সিনেমাটির পরিচালনায় ভারত থেকে থাকবেন বাবা যাদব। বাংলাদেশি পরিচালকের কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি। 

জিৎ-এর নায়িকা হবেন বাংলাদেশের জলি। ঢাকাই সিনেমায় নবাগতা জলির অভিষেক ঘটতে চলেছে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারেই। ১৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে তার প্রথম সিনেমা 'অঙ্গার', যেখানে তার বিপরীতে কাজ করেছেন ভারতের ওম।

জাজের দাবী, খোদ জিৎ তার বিপরীতে অভিনয়ের জন্য নির্বাচন করেছেন জলিকে। ভারতের এস কে মুভিজ এর অফিসে যেয়ে বাংলাদেশি নায়িকাদের ভিডিও ফুটেজ দেখে সেখান থেকে পছন্দ করেন জলিকে। জাজ মাল্টিমিডিয়ার ভাষ্যমতে, জলির অভিনয় দেখে রীতিমত তার 'ফ্যান' বনে গেছেন জিৎ।

'বাদশা' সিনেমাটির শুটিং বাংলাদেশে শুরু হবে ২৫ ফেব্রুয়ারি। এরপর পর্যায়ক্রমে হায়দ্রাবাদ রামুজি ফিল্ম সিটি এবং অস্ট্রেলিয়ায় ধারণ করা হবে সিনেমাটির বাকি অংশ।