সিক্স প্যাক ব্যান্ড আর একটি নতুন ইতিহাস
"তৃতীয় লিঙ্গ - বেশিরভাগ মানুষ তাদের অবহেলা করেন, কেউ কেউ তাদের সহ্য করেন আর সবাই ভুল বোঝেন" - আনুশকা শর্মার বয়ানে এই কথাগুলো শোনা যায় 'হাম হ্যায় হ্যাপি' গানটির মিউজিক ভিডিওর শুরুতে, যেটি গেয়েছেন তৃতীয় লিঙ্গের ছয় শিল্পী। তৃতীয় লিঙ্গের শিল্পীদের নিয়ে ইয়াশ রাজ ফিল্মস গঠন করেছে সিক্স প্যাক ব্যান্ড আর সৃষ্টি করেছে ইতিহাস।
মুম্বাইসহ ভারতের নানা অঞ্চল থেকে আসা ২০০ জন তৃতীয় লিঙ্গের শিল্পীর মধ্য থেকে বাছাই করে ৬ জনকে নিয়ে গঠিত হয়েছে এই ব্যান্ড।
সঙ্গীত পরিচালক শামির ট্যান্ডনের তত্ত্বাবধানে ব্যান্ডটি রেকর্ড করেছে তাদের প্রথম গান ‘হাম হ্যায় হ্যাপি’। মার্কিন গায়ক ফ্যারেল উইলিয়ামসের গান ‘হ্যাপি’র কভার এটি।
সিক্স প্যাক ব্যান্ডের দ্বিতীয় মিউজিক ভিডিও ‘রাব দে বান্দে'তে দেখা যাবে সোনু নিগামকে। ইয়াশ রাজ ফিল্মসের এই উদ্যোগকে কোনো সামাজিক আন্দোলন নয় বরং বিনোদন শিল্পে নতুন মোড় হিসেবে দেখছেন সোনু।
তিনি বলেন, এটি একটি অসাধারণ উদ্যোগ। এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এটা সমাজ সেবা নয়, বরং বিনোদন জগতের মোড় ঘুরিয়ে দেয়ার মতো একটি ঘটনা।
আশা জাগতাপ, ভাবিকা পাতিল, চাঁদনী সুভারনাকার, ফিদা খান, কোমাল জাগতাপ এবং রাভিনা জাগতাপ - এই ছয় তৃতীয় লিঙ্গের শিল্পীকে নিয়ে গঠিত হয়েছে সিক্স প্যাকব্যান্ড।
