২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড দৌঁড়ে কোটি টাকার অশ্ব যারা

অ্যাকশন, থ্রিলার, কমেডি, রোমান্স, আত্মজীবনী- হিট হবার সব উপকরণই রয়েছে ২০১৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোতে। তিন খানের লড়াইটাও পর্দায় এবার জমবে বেশ। ২০১৫ তে সাফল্য পাওয়া তারকাদের ওপরই প্রত্যাশারটা চাপটা বেশি। এছাড়া যারা আশানূরূপ সাফল্য পাননি তাদের ওপরও থাকবে এক ধরনের দায়ভার। দেখে নেয়া যাক ২০১৬ সালে কোন তারকা হতে পারেন সবচেয়ে বড় বাজির ঘোড়া।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 04:15 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

ক্যাটরিনা কাইফ

বাজির দর: ১৩০-১৫০ কোটি

২০১৫ সালটা একেবারেই ক্যাটের বছর ছিল না। একমাত্র সিনেমা ‘ফ্যান্টম’ মুখ থুবড়ে পড়েছে বক্স-অফিসে। তবে, ক্যাটরিনার ওপর এ বছর অনেকটাই ভরসা করতে হচ্ছে নির্মাতাদের। মুক্তির অপেক্ষায় রয়েছে আদিত্য রয় কাপুরের বিপরীতে ‘ফিতুর’ এবং রানবির কাপুরের বিপরীতে ‘জাগ্গা জাসুস’।

আকশায় কুমার

বাজির দর: ২০০-২২০ কোটি

গত বছর মুক্তি পা্ওয়া আকশায়ের চারটি সিনেমাই হিটের তকমা গায়ে লাগিয়েছে। এ বছরে মুক্তি পাচ্ছে এই অ্যাকশন তারকার তিনটি সিনেমা। নিমরাত কউরের বিপরীতে ‘এয়ারলিফট’, ‘হাউসফুল’ সিরিজের তৃতীয় সিনেমা এবং নিরাজ পান্ডে পরিচালিত ‘রুস্তম’-এ দেখা যাবে তাকে। এছাড়াও দক্ষিণের মহাতারকা রজনিকান্তের ‘রোবট টু’ সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন। 

শাহরুখ খান

বাজির দর: ১৪০-১৫০ কোটি

দীর্ঘ পাঁচ বছর পর ফিরেছে শাহরুখ-কাজল জুটি। ফলাফল মিলেছে হাতে নাতেই, ‘দিলওয়ালে’ ঢুকেছে বলিউডের শত কোটি সিনেমার রাজকীয় ক্লাবে। আন্তর্জাতিক বাজারেও ‘দিলওয়ালে’র ব্যবসা বেশ রমরমা। ২০১৬ সালেও শাহরুখের ঝুলিতে রয়েছে দুটি বহুল প্রতীক্ষিত সিনেমা। মনিশ শর্মার পরিচালনায় ‘ফ্যান’ নিয়ে শাহরুখের ভক্ত কূলের মাতামাতি তো রয়েছেই, বছর শেষে মুক্তি পাবে রাহুল ঢোলাকিয়ার পরিচালনায় ‘রাইস’ সিনেমাটিও।

কাঙ্গানা রানাওয়াত

বাজির দর: ৭০ কোটি

‘তানু ওয়েডস মানু রিটার্ন্স’-এ দারুণ সাফল্য পেলেও ২০১৫ সালে কাঙ্গানা অভিনীত অন্য দুটি সিনেমা ‘কাট্টি বাট্টি’ এবং ‘আই লাভ নিউ ইয়ার’ একেবারেই সুবিধা করতে পারেনি বক্স-অফিসে। এদিকে নিজেই জানিয়ে দিয়েছেন, বছরে একটির বেশি আর সিনেমা নয়। তাই ভিশাল ভারাদওয়াজের পরিচালনায় শাহিদ কাপুর ও সাইফ আলি খানের বিপরীতে কাঙ্গানার ‘রাঙ্গুন’-এর ওপর প্রত্যাশার চাপটাও অনেক বেশি। 

সুশান্ত সিং রাজপুত

বাজির দর: ১২০-১৫০ কোটি

ছোট পর্দার শান্ত-শিষ্ট ছেলেটি বনে গেছেন বড় পর্দার তারকা। কিন্তু সুশান্তের শেষ সিনেমা ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ বক্স-অফিসে একটি ব্যর্থ সিনেমা। তবে নির্মাতাদের প্রত্যাশার মাত্রাটা বেশ উঁচুতেই এই তারকাকে ঘিরে। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আত্মজীবনীমূলক সিনেমায় অভিনয়ের মাধ্যমে সুশান্ত নিজের ভক্ত তো বটেই, ধোনির ভক্তদেরও আকর্ষণ কেড়েছেন।

কারিনা কাপুর খান

বাজির দর: ৯০-১০০ কোটি

‘বাজরাঙ্গি ভাইজান’ ব্লকবাস্টার হলেও সালমানের ছায়াতেই যেন পড়ে ছিলেন ‘বেবো’। তবে তার জন্য ২০১৬ তে অপেক্ষা করছে বড় দুটি সিনেমা। অভিষেক চৌবে’র ‘উড়তা পাঞ্জাব’ এবং আর বালকি’র ‘কি অ্যান্ড কা’ নিয়ে তার ভক্ত মহলে রয়েছে প্রতীক্ষা।

আমির খান

বাজির দর: ১৩০ কোটি

বছরে একটার বেশি সিনেমা করার মত দেখাতে চাননা বলিউডের ‘মিঃ পারফেকশনিস্ট’ আমির খান। ব্যতিক্রম নয় ২০১৬ সালটিও। এক ভিন্ন অবতারে আবির্ভূত হতে যাচ্ছেন তিনি বড় পর্দায়। নিতেশ তিওয়ারি পরিচালিত ‘দাঙ্গাল’ সিনেমায় একিওজন কুস্তিগিরের প্রশিক্ষকের ভূমিকায় দেখা যাবে তাকে।

অজয় দেবগন

বাজির দর: ৬০-৭০ কোটি

‘দৃশ্যাম’-এর সাফেল্যে ২০১৫ সালটি ভালোই কেটেছে অজয় দেবগনের। এ বছরের দীপাবলিতে মুক্তি পাচ্ছে তার অভিনীত ও পরিচালিত ‘শিভে’। সিনেমাটিতে তার বিপরীতে বলিউড পাড়ায় অভিষেক ঘটবে সেইশা সায়গালের।

প্রিয়াঙ্কা চোপড়া

বাজির দর: ৩০-৩৫ কোটি

‘কোয়ান্টিকো’ সিরিজটি নিয়ে মহা ব্যস্ত থাকলেও বলিউড ভক্তদের প্রিয়াঙ্কা উপহার দিয়েছেন ‘বাজিরাও মাস্তানি’র মতো ব্লকবাস্টার সিনেমা। এ বছর তাকে দেখা যাবে প্রকাশ ঝা পরিচালিত ‘জয় গঙ্গাজল’ সিনেমায় একজন দুর্ধ্বর্ষ পুলিশ কর্মকর্তার চরিত্রে। 

আনুশকা শর্মা

বাজির দর: ১০০-১১০ কোটি

অভিনয় ছাড়াও ‘এনএইচ টেন’ সিনেমায় প্রযোজকের ভূমিকায় দেখা গেছে আনুশকা শর্মাকে। তবে অনুরাগ কাশ্যাপের ‘বোম্বে ভেলভেট’ বয়ে আনতে পারেনি তার জন্য প্রত্যাশিত সাফল্য। এ বছর একটি সিনেমাতেই দেখা যাবে ২৮ বছর বয়সী এই তারকাকে। কারান জোহারের নতুন সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ অভিনয় করছেন তিনি।

সালমান খান

বাজির দর: ৯০-১০০ কোটি

২০১৫ সালটি দারুণ কাটিয়েছেন সালমান খান। ‘দাবাং’ তারকার ‘বাজরাঙ্গি ভাইজান’ আয় করেছে ৩০০ কোটিরও বেশি, আর ‘প্রেম রাতান ধান পায়ো’ও ছাড়িয়েছে ২০০ কোটির অঙ্ক। এ বছর আরো একটি জমজমাট সিনেমার অপেক্ষায় সাল্লুর ভক্তরা। এক কুস্তিগীরের চরিত্রে তাকে দেখা যাবে ‘সুলতান’ সিনেমায়। শাহরুখের ‘রাইস’-এর সঙ্গে দারুণ জমবে সিনেমাটির লড়াই, কারণ একই দিনে মুক্তি পাচ্ছে সিনেমা দুটি। 

ঋত্বিক রোশান

বাজির দর: ১১০ কোটি

২০১৫ তে যেন হারিয়েই গিয়েছিলেন বলিউড সুপারহিরো ঋত্বিক। তবে ভক্তরা এ বছর খুঁজে পাবেন তাকে। আশুতোষ গোয়ারিকরের দীর্ঘ দিন ধরে লালিত স্বপ্নের সিনেমা ‘মহেঞ্জোদারো’র শুটিং-এ ২০১৫ সালে ব্যস্ত ছিলেন। তাই ঋত্বিকের কাঁধে বড় বাজেটের এই সিনেমায় লগ্নিকৃত অর্থ তুলে আনার ভারটা বর্তেছে।।

আলিয়া ভাট

বাজির দর: ১০০-১২০ কোটি

শাহিদ কাপুর-আলিয়া ভাট জুটির ‘শান্দার’কে ভালোভাবে গ্রহণ করেনি বলিউডের সিনেমাপ্রেমীরা। এ বছর আলিয়া ফিরছেন ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায়। এছাড়াও ‘কাপুর অ্যান্ড সনস’ নামের আরেকটি সিনেমায় দেখা যাবে তাকে।

রানবির কাপুর

বাজির দর: ১৫০-২০০ কোটি

‘বোম্বে ভেলভেট’ বক্স-অফিসে মার খেলেও ‘রয়’ এবং ‘তামাশা’য় অভিনয় করে মোটামুটি মানের একটা বছর কাটিয়েছেন রানবির। এ বছর ভিন্নধর্মী অবতারে দেখা যাবে রানবিরকে। ‘জাগ্গা জাসুস’-এ একজন গোয়েন্দা আর কারান জোহারের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ একজন রোমান্টিক তরুণের চরিত্রে হাজির হবেন এই তারকা।

শাহিদ কাপুর

বাজির দর: ১০০-১২০ কোটি

মিয়া রাজপুতের সঙ্গে বিয়ের ছাড়া ২০১৫ সালে অর্জন বলতে তেমন কিছুই ছিল শাহিদের জন্য। তবে ‘উড়তা পাঞ্জাব’ এবং ‘রাঙ্গুন’ সিনেমা দুটো আবারও আলোচনায় নিয়ে আসতে পারে শাহিদের ক্যারিয়ারকে।

সোনাম কাপুর

বাজির দর: ৩০ কোটি

‘প্রেম রাতান ধান পায়ো’র সাফল্যের পর ২০১৬ সালে এক চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে সোনামকে। জঙ্গিদের হাতে জিম্মি প্যান অ্যাম ফ্লাইটের যাত্রীদের বাঁচাতে বিমানবালা নির্জা ভানোতের বীরোচিত আত্মত্যাগকে রূপালি পর্দায় নিয়ে আসবেন এই তারকা। ইতোমধ্যেই ‘নির্জা’ সিনেমাটির ট্রেইলার আলোচনার জন্ম দিয়েছে ।