পুরস্কার পেয়েছে, এবার ছাড়পত্র
দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ড জটিলতায় আটকে আছে বাংলাদেশের প্রথম চাকমা ভাষায় নির্মিত সিনেমা ‘মাই বাইসাইকেল’। চাকমা ভাষায় ‘মর থেঙ্গারি’ শিরোনামের এই সিনেমাটি ইতোমধ্যেই প্রদর্শিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে, জিতেছে পুরস্কারও। এ সবকিছু নিয়েই সিনেমাটির পরিচালক অং রাখাইন কথা বললেন গ্লিটজের সাথে।
সেন্সর বোর্ডে আপনার সিনেমা ‘মাই বাইসাইকেল’ দীর্ঘদিন ধরেই আটকে আছে কেন?
পুরো ব্যাপারটিই এখন আমলাতান্ত্রিক জটিলতার। অবশ্য ‘মর থেঙ্গারি’ (মাই বাইসাইকেল) সম্প্রতি আন্তর্জাতিক একটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে। বাইরের একটি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একটি সিনেমাটি পুরস্কার পাওয়ায় সেন্সর বোর্ড এখন আমার সিনেমাটি নিয়ে আগ্রহ প্রকাশ করছে।
তাহলে আপনার সিনেমার প্রতি সেন্সর বোর্ডের কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি এখন ইতিবাচক?
হ্যাঁ। আমার সঙ্গে সেন্সর বোর্ডের কথাবার্তা চলছে। তাদের মনোভাবটাও ইতিবাচক। আশা করি, আগামী মাসের মধ্যেই সিনেমাটি আনুষ্ঠানিক ভাবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাবে।
ভাষাগত সমস্যাটি এখন আর নেই। সিনেমাটি মুক্তি পেলে সেটি চাকমা এবং বাংলা ভাষার সাবটাইটেলসহই মুক্তি দেয়া হবে। আর বাংলাদেশ সেনাবাহিনীকে ‘মাই বাইসাইকেল’-এ নেতিবাচক ভাবে দেখানো হয়েছে; এমন অভিযোগ আসলেই সত্যি নয়। আমি কখনোই সিনেমাতে আমাদের দেশের সেনাবাহিনীকে নেতিবাচকভাবে দেখাইনি। কয়েকটি দৃশ্যে তাদের উপস্থাপনাটি ছিল শৈল্পিক প্রয়োজন এবং সিম্বলিক অর্থ বোঝানোর জন্য। এতে যদি কেউ সেনাবাহিনীর নেতিবাচক দিক খুঁজে বের করেন, তবে ব্যাপারটি হাস্যকর। আমি শুধু পাহাড়ে আদিবাসীদের বর্তমান পরিস্থিতিটাই দেখাতে চেয়েছি। সিনেমাটি মূলতঃ দর্শকদের জন্য উন্মুক্ত। দর্শকদের ওপরই নির্ভর করবে তারা সিনেমাটিকে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে চান।
সিনেমাটি সম্প্রতি রাশিয়া উফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে। এই অর্জনে আপনার অনুভূতি কি?
আসলে পুরস্কার পাওয়ার দুটি ব্যাপার রয়েছে। একটি ইতিবাচক, অন্যটি নেতিবাচক। অ্যাওয়ার্ড পেলেই শেষ- এমন মনোভাব থাকে অনেকেরই। আমার জন্য এই পুরস্কার আমার পরবর্তী কাজগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের চলচ্চিত্রের ভাষা, নির্মাণ কৌশল নিয়ে অনেক উন্নতির প্রয়োজন রয়েছে। এখন আমি সেগুলো নিয়েই কাজ করছি।
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিস্থিতি আপনার মতে কেমন?
সত্যি কথা বলতে, ২০১৫ সাল বাংলাদেশ চলচ্চিত্রের জন্য স্মরণীয় একটা বছর। আমার সিনেমাটি ছাড়াও আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’ অস্কারে বিদেশী ভাষার সিনেমার মনোনয়ন পাওয়ার জন্য পাঠানো হয়েছে। এছাড়াও বাইরের অনেক উৎসব থেকে পুরস্কারও জিতে এনেছে। ‘মেঘমল্লার’, ‘আন্ডার কনস্ট্রাকশন’ও বাইরের চলচ্চিত্র উৎসবে গিয়েছে। এই সিনেমাগুলো বাংলাদেশকে বাইরের পৃথিবীর কাছে তুলে ধরছে, বিষয়টি আসলেই অসাধারণ। আমাদের সিনেমাকে এখন বাইরের মানুষ স্বাগত জানাচ্ছে। আমাদের যে কৃষ্টি-সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে, সেটি নিয়ে জানতে এখন তারা দারুণ আগ্রহী।
সামনে আর কোনো চলচ্চিত্র উৎসবে কি যাচ্ছে ‘মাই বাইসাইকেল’?
এই ফেব্রুয়ারিতেই ‘মাই বাইসাইকেল’ প্রদর্শিত হবে কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভালে। আর মার্চে সিনেমাটি যাচ্ছে সুইডেনের একটি বড় ফিল্ম ফেস্টিভালে। এটি নিয়ে আপাতত বলতে চাচ্ছি না, চমক হিসেবেই থাকুক।
‘ভয়েস অফ ত্রিপুরা’ নামে একটি নতুন প্রজেক্টে আপনি কাজ করছেন। সেটার অগ্রগতি কতদূর?
‘ভয়েস অফ ত্রিপুরা’র কাজ আমি আপাতত আর করছি না। বিভিন্ন জটিলতার কারণ এখন এটি নিয়ে কাজ করাটা উচিত হবে না। এখন আমি রাখাইন জেলে সম্প্রদায়কে নিয়ে কাজ করছি। রাখাইন জেলে পাড়ায় মাছ ধরতে যেয়ে অনেক জেলেই নিঁখোজ হয়ে যান। আমি এই ঘটনাটি নিয়ে বর্তমানে কাজ করছি।
‘মাই বাইসাইকেল’ এ যেমন শুধু চাকমারাই অভিনয় করেছেন, আপনার পরবর্তী সিনেমাতেও কি কলাকুশলী হিসেবে রাখাইনদেরই দেখাবেন?
হ্যাঁ অবশ্যই। আমি এমন একজন মানুষ, যদি আমার চরিত্রের প্রয়োজনে রাস্তাতেও কোনো একজন মানুষ খুঁজে পাই তবে আমি তাকে দিয়েই অভিনয় করাবো। আশা করছি জুলাইয়ের দিকেই আমি সিনেমাটির শুটিং এর কাজ শুরু করবো। সিনেমাটির সহ-প্রযোজনায় রয়েছে ‘খনা টকিজ’। আন্তর্জাতিক মুক্তির বিষয়টিও দেখবেন তারা।
