২০১৫ তে যাদের ক্যারিয়ার ৫০ ছুঁলো
মানুষ মৃত্যুর পরও বেঁচে থাকে নিজেদের কর্মে। কেউ কেউ জীবদ্দশাতেই হয়ে ওঠেন কিংবদন্তী। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের তিন শিল্পী তেমনই এক মাইল ফলক ছুঁলেন ২০১৫ সালে। সংগীত জীবনের সুবর্ণজয়ন্তী উদযাপন করলেন তারা জীবদ্দশায়।
১৯৬৫ সাল থেকে যিনি সুরসুধা বর্ষণ করছেন উপমহাদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে, তিনি হলেন রুনা লায়লা। সঙ্গীতজীবনের ৫০ বছর পূর্তিতে পার্শ্ববর্তী দুই দেশের শিল্পীদের নিয়ে গাইলেন সেলিব্রেশন অফ মিউজিক কনসার্টে। এই সুযোগে বাংলাদেশে ঘুরে গেলেন কেকে নামে পরিচিত ভারতীয় শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ও পাকিস্তানি তরুণ অভিনেতা ফাওয়াদ খান।
সংগীত জীবনের পঞ্চাশ বছর উদযাপন করছেন নজরুল সংগীতশিল্পী শাহীন সামাদ। একদল শিল্পীর সঙ্গে তিনিও আমাদের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন কণ্ঠযোদ্ধা হয়ে। জাতীয় জাদুঘর মিলনায়তনে তাকে সংবর্ধনা জানায় আমরা সূর্যমুখী। অনুষ্ঠান শেষে ছিলো শিল্পীর একক পরিবেশনা। ‘গান হোক অশুভের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ’- শিরোনামে এই অনুষ্ঠানে নজরুলগীতি, মীরার ভজন ছাড়াও শুনিয়েছেন রণাঙ্গনের গান।
সাবিনা ইয়াসমীন অর্ধ শতকের সঙ্গীতজীবনে ইতিহাস গড়েছেন বহুবার। ১৯৫৪ সালে জন্ম নেওয়া এই শিল্পী গান গাইছেন শিশুকাল থেকেই। রেডিও, টেলিভিশন, প্লেব্যাক, অডিও, মঞ্চ সবক্ষেত্রেই রয়েছে দৃপ্ত পদচারণা। এবছর ঘটা করে তার সংগীতজীবনের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়। তবে গ্লিটজের সঙ্গে সাক্ষাৎকারে আক্ষেপ করে শিল্পী বলেছিলেন, "আমাকে এখন আর প্রয়োজন নেই"।
