২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববাজারে সেরা ‘দিলওয়ালে’

ভারতের আশানুরূপ ব্যবসা করতে না পারলেও, আন্তর্জাতিক বাজারে ঠিকই শক্ত জায়গা করে নিয়েছে শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে’। ভারতের বাইরে ব্যবসাসফল সিনেমার তালিকায় এখন সেরা দশের ভেতর অবস্থান সিনেমাটির।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 01:38 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আন্তর্জাতিক বাজারে ১২১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দিলওয়ালে’। মুক্তির ১০ দিনের মাথায় সিনেমাটি ভারতের বাইরে আয় করেছে ১ কোটি ৮৫ লাখ রুপি।

এর মাধ্যমে ভারতের বাইরে মুক্তিপ্রাপ্ত সেরা ১০ ব্যবসাসফল বলিউড ফিল্মের তালিকায় সপ্তম স্থানটি নিজের করে নিয়েছে রোহিত শেঠি পরিচালিত সিনেমাটি।

এই তালিকায় দ্বিতীয়তে আছে সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’ (২ কোটি ৯০ লাখ রুপি), তৃতীয়তে ‘ধুম থ্রি’ (২ কোটি ৮০ লাখ রুপি)। তবে প্রথম স্থান থেকে এখনও কেউ নড়াতে পারেনি আমির খানের ‘পিকে’কে, যেটি আয় করেছে ৪ কোটি ৭০ লাখ রুপি।

শাহরুখ খানের জনপ্রিয়তার ওপর ভিত্তি করে ‘দিলওয়ালে’ মুক্তি দেয়া হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং পশ্চিম এশিয়ার কয়েকটি অঞ্চলে। এছাড়া সিনেমাটি মুক্তি পেয়েছে জর্ডান, স্পেন, ত্রিনিদাদ এবং ঘানাতে।

এছাড়া সিনেমাটি মুক্তি দেয়া হবে জার্মানি, ইরাক, ফিলিস্তিন, পেরু, সুইজারল্যান্ড, মরক্কো, অস্ট্রিয়া এবং মিশরেও।

রোহিতের সঙ্গে মিলে সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখের নিজস্ব ব্যানার রেড চিলিস এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্মকর্তা গৌরব ভার্মা বলেন, "শাহরুখ খানের জনপ্রিয়তাই আমাদের সাহস দিয়েছে বাজারের পরিসর আরো বাড়াতে। সাধারণত গতানুগতিক যেসব দেশে নিয়মিত হিন্দি সিনেমা মুক্তি পায়, সেখান থেকেই বেশিরভাগ আয় উঠে আসে। কিন্তু এবার আমরা অন্যান্য দেশগুলোতেও আয়ের অগ্রগতি লক্ষ্য করেছি।"

গৌরব আরও জানান, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকেও ভালো সাড়া পাচ্ছেন তারা। ‘দিলওয়ালে’র গান ‘গেরুয়া’ মালয় ভাষাতে ডাবিং করে প্রচার করার পর এখন গানটি মালয়েশিয়ার আইটিউনসে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

রোমান্টিক ঘরানার 'দিলওয়ালে'র মাধ্যমে ৫ বছর পর জুটি হিসেবে পর্দায় ফিরেছেন শাহরুখ খান এবং কাজল। এছাড়া এই সিনেমাতে আরও অভিনয় করেছেন ভারুন ধাওয়ান এবং কৃতি শ্যানন।