২০১৫ সালের শীর্ষ ১০ তারকা বচন
বছরের বিভিন্ন সময়ে নানা কথা বলে আলোচনায় এসেছেন শাকিব, অপু, মাহি, পরীমনি, জয়া আহসান। তবে এক নম্বর কথাটি বলেছেন এক নবাগতা।
১০. ‘এটা চলচ্চিত্র নয়, দেশ রক্ষার আন্দোলন’
“শুধু চলচ্চিত্র নয়, এটা হচ্ছে দেশ রক্ষার আন্দোলন। আমাদের দেশ ধ্বংসের ষড়যন্ত্র চলছে, একটি দেশ ধ্বংস করতে হলে তার সংস্কৃতি ধ্বংস করতে হয়। আমাদের সংস্কৃতি ধ্বংসের পায়তারা করছে তারা।”
বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানি করে দেখানোর বিপক্ষে শাকিব খান একথা বলেন। বাংলাদেশ চলচ্চিত্র অভিনয়শিল্পী সমিতির সভাপতি হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোটের সঙ্গে তিনি আন্দোলনে অংশ নেন।
৯. ‘সারা বিশ্ব দেখেছে আমাদের সঙ্গে কি অন্যায় হয়েছে’
“মন খারাপ করে লাভ নেই। আমরাই জিতেছি। সারা বিশ্ব আজ দেখেছে আমাদের সাথে কী কী অন্যায় করা হয়েছে। সারা বিশ্ব মনে রাখবে আজকের এই দিনটির কথা।”
বিশ্বকাপ ক্রিকেট ২০১৫র বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে বিতর্কিত আম্পায়ারিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় ওঠে। অন্যান্য তারকাদের মতো অভিনেত্রী অপু বিশ্বাসও মন্তব্য করেন ফেইসবুকের মাধ্যমে।
৮. ‘ভারতকেই সমর্থন করবো’
“অবশ্যই ভারত”
বিশ্বকাপে বাংলাদেশ হেরে যাওয়ার পর এবার কাকে সমর্থন করবেন - ভারতীয় এক দৈনিকের এমন প্রশ্নের জবাবে এমন কথা বলেন জয়াআহসান। তিনি আরও বলেন, “বাংলাদেশ জিতলে খুশি হতাম, নবীন হওয়া সত্বেও নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের মতো দলের বিপক্ষে সর্বোচ্চটাই দিয়েছে বাংলাদেশ। ফাইনালের টিকিট কাটা হয়ে গেছে আর আমি এখন ভিসার অপেক্ষায়।”
৭. ‘আমি এখন হাঁটছি, একা’
“আমি এখন হাঁটছি। একা। রাস্তাটা তারই বানিয়ে দেয়া।”
বছর শেষে জাজ মাল্টিমিডিয়ায় আবার ফেরা নিয়ে গুঞ্জন শুরু হলে আবদুল আজিজের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করে অভিনেত্রী মাহিয়া মাহি ফেইসবুকে লেখেন এমন কথা। আরো জানান, “আপাতত জাজের সাথে কোনো কাজ হচ্ছে না...তিনি শুধু এসেছিলেন দোয়া করতে অনেক ভালবাসা নিয়ে।”
৬. ‘মাহির জায়গা নেওয়া সহজ নয়’
“আমি এখন আমার কাজ নিয়ে ভাবছি। মাহির ব্যাপারে জাজ ভালো বলতে পারবে, তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি মনে করি, মাহি আরো কাজ করবে চলচ্চিত্রে। মাহির অবস্থানে যাওয়া আমার জন্য খুব সহজ না। আমি চেষ্টা করবো, আমার সেরাটুকু দিয়ে অভিনয় করতে।”
জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকা নুসরাত ফারিয়া বলেন একথা। মাহিয়া মাহিকে 'বাদ' দেয়ার পর নুসরাত ফারিয়া ও জলিকে পরিচয় করিয়ে দেয় জাজ।
৫. ‘নকল না করে উপায় কি!’
“সব কিছুর পরে তো আমাদের হল ব্যবসা। সব কিছুর পরে আমাদের এসব না করে উপায় থাকে না।...মৌলিক গল্প... অমুক দৃশ্য ক্ষতিকর, তমুক দৃশ্যে অশান্তি-জঞ্ঝাট বেধে যেতে পারে।”
‘রাজাবাবু’ সিনেমার বিরুদ্ধে নকলের অভিযোগ উঠলে এমনই উত্তর দেন পরিচালক বদিউল আলম খোকন। অভিযোগ ছিল, হিন্দি সিনেমার গান নকল করেছেন পরিচালক।
৪. ‘পরী নিজেই একটি ব্র্যান্ড’
“অন্যদের মতো আমি কোনো প্রতিষ্ঠিত নায়কদের হাত ধরে প্রতিষ্ঠিত হতে চাই না। আমি নিজেই নিজের ওপর নির্ভরশীল। অন্যরা চাইলে আমার হাত ধরে পরিচিতি পাক। কিন্তু আমি কারো হাত ধরব না। কারণ পরী নিজেই একটি ব্র্যান্ড”
কথাগুলো এ সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনির। তার মন্তব্যটি ছাপানো পর্যন্ত ২৯টি সিনেমায় নাম লিখিয়েছেন, তবে তার মধ্যে মাত্র চারটি সিনেমাই মুক্তি পেয়েছে এখন পর্যন্ত। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন ঘটনা সত্যিই বিরল।
৩. ‘সারাদিন খাটিয়ে পারিশ্রমিক দেওয়া হচ্ছে না’
“একজন চুক্তিবদ্ধ আর্টিস্টকে সারাদিন খাটিয়ে তাকে চুক্তি অনুযায়ী পারিশ্রামিক না দেওয়া এক ধরনের ক্রাইম, যেটা হরহামেশাই ইন্ডাষ্ট্রিতে হচ্ছে।”
মডেল ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর একথা বলেন। তবে নির্দিষ্ট কারো নাম উল্লেখ করেননি। তিনি লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৯ সালের শীর্ষ ছয়ে থাকা প্রতিযোগী।
২. 'রুবেলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই'
“রুবেলকে আমি এখনো প্রচণ্ড ভালোবাসি। রুবেলের বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই। রুবেলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি এখন আমি আর পরিচালনা করতে চাই না।”
১. ‘নায়িকারা তো কারো ঘরের বউ নয়’
“নায়িকারা কারো ঘরের বউ নয়। যে যা বলবে তাই করতে হবে...”
প্রযোজনা প্রতিষ্ঠানের বেধে দেওয়া শর্তে কাজ না করায় আগ্রহী নতুন মুখ ইভানা বলে ফেলেন এই বিস্ফোরক কথাটি।
