ক্যাটকে এড়িয়ে চলছেন নিতু?
ক্যাটরিনা কাইফের নিজের সম্পর্কের কথা এখন ভালোভাবেই জাহির করছেন রানবির কাপুর। কিন্তু রানবিরের মা নিতু কাপুরের পছন্দের মানুষের তালিকায় এখনও জায়গা করে নিতে পারেননি ক্যাট। শোনা যাচ্ছে 'ধুম' তারকাকে এড়িয়ে চলার জন্যেই বড়দিনে পারিবারিক অনুষ্ঠানে অংশ নেননি নিতু।
বড়দিনের সকালে শশি কাপুরের বাড়িতে নিমন্ত্রণ ছিল পুরো কাপুর পরিবারের। কাপুর পরিবারের এই ঐতিহ্যবাহী ক্রিসমাস ব্রাঞ্চে প্রত্যেক বছর অংশ নেন পরিবারের সব সদস্য। প্রেমিক রানবিরের হাত ধরে সেখানে হাজির হন ক্যাটরিনাও। কিন্তু দেখা যায়নি রানবিরের মা নিতু কাপুরকে।
টাইমস অফ ইন্ডিয়া বলছে, এ বছর পারিবারিক এই অনুষ্ঠানে অংশ নেননি নিতু।
বড়দিনের অনুষ্ঠানে নিতু কেন অংশ নিলেন না, তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। তবে সবকিছুকে ছাপিয়ে একটা কারণই মুখ্য হয়ে উঠছে, তা হলো ক্যাটের মুখোমুখি না হওয়া।
নিতুর সঙ্গে ক্যাটের দূরত্ব নিয়ে প্রশ্ন উঠেছে আগেও। অনেকদিন আগে এক পারিবারিক অনুষ্ঠানের ছবি থেকে ক্যাটকে বাদ দিয়ে ছবিটি ইন্সটাগ্রামে পোস্ট করে বিতর্কের জন্ম দিয়েছিলেন নিতু। চলতি বছরের হোলি উৎসবের দিন অনুসারীদের শুভেচ্ছা জানাতে রানবিরের সঙ্গে তার সাবেক প্রেমিকা দিপিকা পাড়ুকোনের একটি ছবি পোস্ট করেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।
হবু শ্বশুরবাড়ির সঙ্গে রসায়ন যে খুব একটা জমছে না, সেটা স্বীকার করেছিলেন ক্যাট নিজেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাট বলেন, রানবিরের পরিবারের সঙ্গে যতটা চান, ততটা ঘনিষ্টতা এখনও তৈরি হয়নি তার।
