২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানে গানে সাধনা

ষাটের দশকের সাড়া জাগানো অভিনেত্রী সাধনা শিভদাসানি। কিছু গানে তার উপস্থিতি আজও দর্শকের মনে দোলা দিয়ে যায়। তেমনই কিছু কালজয়ী গানের কথা জেনে নেয়া যাক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 05:58 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

১. লাগ যা গালে (উয়ো কৌন থি)

 

সাধনা তার ক্যারিয়ারের প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করেন 'উয়ো কৌন থি' সিনেমায়। লক্ষ্মী মেয়ের ইমেজ ভেঙে হয়ে উঠেছিলেন রহস্যময়ী। সেই সিনেমাতেই লতা মুঙ্গেশকরের গাওয়া 'লাগ যা গালে' গানটি এখনও জীবন্ত ভক্তদের মনে। সাদা-কালোর যুগে পর্দার প্রেমিক মনোজ কুমারের কাছে এভাবে প্রেম নিবেদন করে নিঃসন্দেহে যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছিলেন।

২. আজা আই বাহার (রাজকুমার)

 

ভারতীয় লোক আঙ্গিকের এই গানটিতে চমৎকার নেচেছিলেন সাধনা। লতা মুঙ্গেশকরের 'রাজকুমার' ছবির এই গানটিতে বহমান নদীতে নাচার বেলায় সাধনা যে পারদর্শীতার পরিচয় দিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবীদার।

৩. ঝুমকা গিরা রে (মেরা সাইয়া)

আবারও দ্বৈত চরিত্র - একটি নাচে-গানে আসর জমিয়ে তোলার ক্ষমতাধারী এক অপরাধীর, অন্যটি মার্জিত এক গৃহবধূর। 'মেরা সায়া' সিনেমাটি সাধনা শিভদাসানির ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচিত। আর সিনেমায় আশা ভোঁসলের কণ্ঠে 'ঝুমকা গিরা রে' গানটিতে তার অভিনয়নৈপুণ্য অভিনেত্রী হিসেবে তার বৈচিত্রকে তুলে ধরে।

৪. আভি না যাও ছোড়কে (হাম দোনো)

এই গানে আশা ভোঁসলে আর মোহাম্মদ রফির জাদুকরী কণ্ঠের প্রতি পর্দায় সুবিচার করেছেন সাধনা সিভদাসানি এবং দেব আনন্দ। 'হাম দোনো' সিনেমার এই গানে দেব-সাধনার রসায়ন এখনও চির ভাস্বর হিন্দি সিনেমাপ্রেমীদের মনে।

৫. তুঝে মেরি মোহাব্বাত কি কাসাম ( মেরে মেহবুব)

ঝিঞ্জোটি রাগের পরতে পরতে লেগে আছে প্রেমের এক অনবদ্য নিবেদন। লতা মুঙ্গেশকর 'তুঝে মেরি মোহাব্বাত কি কাসাম'- গানটিতে সাধনার অভিনয়ের রাজকীয় আমেজটি তুলে এনেছিলেন এই গানে। মুসলমান এক নারীর চরিত্রে অভিনয় করা সাধনার এই গানটি তুমুল জনপ্রিয়তা।

৬. কৌন আয়া কি নিগাহো মে (ওয়াক্ত)

ইয়াশ চোপড়ার পরিচালনায় 'ওয়াক্ত' সিনেমাটি সাধনার ক্যারিয়ারের অন্যতম সফল মোড়। মধ্যবিত্ত পরিবারের গল্পকে উপজীব্য করে তোলা সিনেমাটি এখন পর্যন্ত ভারতের সেরা দশটি সিনেমার মধ্যে একটি। সিনেমাটিতে আশা ভোঁসলের গাওয়া 'কৌন আয়া কি নিগাহো মে' গানটিতে সুনীল দত্তকে স্বাগত জানিয়ে গানটি গাইতে দেখা যায় সাধনাকে।

৭. অ্যায় ফুলো কি রানি (আরজু)

মোহাম্মদ রফির কণ্ঠে 'অ্যায় ফুলো কি রানি' গানটি যেন সাধনাকে মাথায় রেখেই লেখা। সাধনার অনন্য আবেদন আর কোমল সৌন্দর্য্যকে ফুটিয়ে তোলে 'আরজু' সিনেমার এই গানটি। রাজেন্দ্র কুমার গানের তালে তালে হালকা চালে সাধনার কাছে নিবেদন করেন নিজেকে, গেয়ে যান তার মোহনীয়তার জয়গান।

৮. মেরা সায়া সাথ হোগা (মেরা সাইয়া)

'মেরা সায়া' সিনেমায় আচমকা সাধনার চরিত্রটির প্রয়াণ ঘটে। সুনীল দত্ত তার প্রাণপ্রিয় স্ত্রীর স্মৃতি হাতড়ে বেড়ান ছবির অ্যালবামগুলোতে। আর সেই কষ্টের দ্যোতনা হিসেবে 'মেরা সায়া সাথ হোগা' গানটি সৃষ্টি করে আবেগী কিছু মুহূর্তের।

৯. আপ আয়ে বাহার আয়ি (আপ আয়ে বাহার আয়ি)

সত্তরের দশকে কিছুটা ভাটা পড়েছিল সিনেমায় সাধনার উপস্থিতিতে। ষাটের দশকে যেভাবে একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছিলেন, সে তুলনায় তার পর্দা উপস্থিতি সত্তরে একেবারেই কমে যায়। তবে, 'আপ আয়ে বাহার আয়ি' সিনেমায় যেন পুরোনো সাধনাকে ফিরে পায় দর্শক। মুহাম্মদ রাফির কণ্ঠে 'আপ আয়ে বাহার আয়ি' গানটিতে সাধনার রূপের বন্দনা শোনা যায় রাজেন্দ্র কুমারের ঠোঁটে।

১০. তুমনে পুকারা অর হাম চালে আয়ে (রাজকুমার)

 

'রাজকুমার' সিনেমার এই গানটিও দারুণ জনপ্রিয়তা পায় সে সময়। মোহাম্মদ রফি আর সুমন কল্যানপুরের কণ্ঠে অসাধারণ এই প্রেমের গানটি আজও হিন্দি সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে যায়।