বলিউডের ‘বেনাম বাদশাহ’ অনিল কাপুর
বলিউডের রূপালি আকাশে তারার অভাব নেই। তবে ধ্রুব তারা হয়ে বছরের পর বছর চলচ্চিত্রকে উজ্জ্বল করে রাখার ক্ষমতা খুব কম তারকারই রয়েছে। সেই হাতে গোনা শিল্পীদের একজন অনিল কাপুর। আশি ও নব্বইয়ের দশকের সফল নায়ক এবং নতুন শতকের শক্তিশালী চরিত্রাভিনেতা হিসেবে বলিউডে নিজের আসন পাকাপোক্তভাবে ধরে রেখেছেন তিনি।
‘তেজাব’, ‘বেটা’,‘কিষণ কানহাইয়া’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘বেনাম বাদশাহ’, ‘লাডলা’র মতো ফর্মুলা ছবিতে যেমন তিনি পর্দা কাঁপিয়েছেন তেমনি ‘ঈশ্বর’, ‘নায়ক’, ‘লামহে’র মতো ছবিতে জটিল চরিত্রে অভিনয় করে প্রমাণ করেছেন তার প্রতিভা।
অনিল কাপুরের জন্ম ১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর মুম্বাইয়ে। বাবা সুরিন্দর কাপুর ছিলেন চলচ্চিত্র প্রযোজক। বড় ভাই বনি কাপুরও প্রযোজক। বলতে গেলে ফিল্মি আবহাওয়াতেই বেড়ে উঠেছেন তিনি। লেখাপড়া করেছেন মুম্বাইয়ে। মাত্র ১২ বছর বয়সে চলচ্চিত্রের ভুবনে পা রাখেন তিনি। ১৯৭১ সালে শশী কাপুরের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেন ‘তু পায়েল ম্যায় গীত’ ছবিতে। ছবিটি অবশ্য আলোর মুখ দেখেনি। উমেশ মেহেরার ‘হামারে তুমহারে’ ছবিতে ছোট্ট একটি ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে রূপালি ভুবনে তার যাত্রা শুরু হয় ১৯৭৯ সালে।
১৯৮০ সালে তেলেগু ছবি ‘ভামসা ভ্রুকশাম’-এ নায়ক হন। কান্নাড়া ছবি ‘পল্লবী আনু পল্লবী’তে অভিনয় করেন। এদিকে হিন্দি ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করতে থাকেন। ১৯৮২ সালে দিলিপ কুমার-অমিতাভ বচ্চন অভিনীত ‘শক্তি’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেন।
১৯৮৬ সালে ‘চামেলি কি শাদি’ ছবিতে আমজাদ খান ও অমৃতা সিংয়ের সঙ্গে অনবদ্য কমেডি উপহার দেন অনিল কাপুর। অন্যদিকে ‘কার্মা’, ‘জাঁবাজ’-এর মতো ছবিতে অভিনয় করেন অ্যাকশন হিরোর ভূমিকায়।
১৯৮৭ সালে মুক্তি পায় ‘মিস্টার ইন্ডিয়া’। শ্রীদেবীর বিপরীতে ‘মিস্টার ইন্ডিয়া’ শুধু সুপার ডুপার হিটই হয়নি, আধুনিক বলিউডি সিনেমার আইকন হয়ে উঠেছিল। শ্রীদেবী-অনিল জুটি যেমন সাফল্য পায় তেমনি অনিল কাপুরও যেন ‘মিস্টার ইন্ডিয়া’ হয়ে ওঠেন দর্শকদের চোখে। ‘তেজাব’ মুক্তি পায় ১৯৮৮ সালে। ব্লকবাস্টার হিট ‘তেজাব’ সূচনা করে অনিল কাপুর-মাধুরী দিক্ষিতের সফল জুটির। ‘তেজাবের’ মুন্না চরিত্রটি অনিল কাপুরকে এনে দেয় ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার। ১৯৮৯ সালে মুক্তি পায় ‘রাম লক্ষ্মণ’, ‘পারিন্দা’ ও ‘ঈশ্বর’। ‘রাম লক্ষ্মণ’ ও ‘পারিন্দা’ বাণিজ্যিকভাবে দারুণ সফল ছবি। ‘ঈশ্বর’ ছবিতে অভিনয়ের মাধ্যমে অনিল কাপুর প্রমাণ করেন তিনি শুধু সফল নায়ক নন, অসামান্য প্রতিভার অধিকারী একজন অভিনেতাও বটে। ‘ঈশ্বর’ নামে এক অটিস্টিক ব্যক্তির জীবন তুলে ধরা হয় এই ছবিতে। মানসিক প্রতিবন্ধী এই ব্যক্তির চোখ দিয়ে ধরা পড়ে সমাজের ভ্রান্ত ও মেকি বিষয়গুলো। নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেন তিনি। ‘ঈশ্বর’কে বলা যায় অনিল কাপুরের জীবনের অন্যতম সেরা অভিনয়।
১৯৯২ সালে ‘বেটা’ ছবিতে বিমাতার প্রতি নিবেদিত এক সন্তানের ভূমিকায় অভিনয়ের জন্য আবার ফিল্ম ফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার ঝুলিতে ভরেন তিনি।
শতাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন অনিল কাপুর| অনিল-মাধুরী জুটির ‘বেটা’, ‘খেল’, ‘জিন্দেগি এক জুয়া’ ‘পুকার’, ‘কিষণ কানহাইয়া’,‘জামাই রাজা’তে পর্দা-রসায়ন ছিল অনবদ্য। শ্রীদেবী-অনিল জুটির ‘লামহে’, ‘লাডলা’, ‘জুদাই’তেও দারুণ পর্দা-রোমান্স বক্স অফিসে আলোড়ন তোলে।
‘ভিরাসাত’, ‘বুলান্দি,‘রামঅবতার’,‘বেনাম বাদশাহ’,‘অপরাধী’, ‘বাধাই হো বাধাই’, ‘১৯৪২:এ লাভ স্টোরি’, ‘লোফার’, ‘হামারা দিল আপকে পাস হ্যায়’, ‘আরমান’, ‘ওম জয় জগদিশ’, ‘কারোবার’ ইত্যাদি ছবিতে তার অভিনয় হিন্দি ছবির দর্শকদের কাছে চিরস্মরণীয় হয়ে আছে।
‘ভিরাসাত’ ছবিতে অসামান্র অভিনয়ের জন্য আবার ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জয় করেন।
‘নায়ক’ ছবিতে অসামান্য অভিনয় করেন অনিল কাপুর। একজন দুর্নীতিবাজ রাজনীতিবিদের সাক্ষাৎকার নিতে গিয়ে কিভাবে এক সৎ ও সাহসী তরুণ, টিভি সাংবাদিক থেকে জননায়ক বনে যান সেই কাহিনি নিয়ে গড়ে ওঠে ‘নায়ক’। এখানে নাম ভূমিকায় অনিল কাপুরের অভিব্যক্তি ছিল দুর্দান্ত|
পার্শ্ব-চরিত্রেও অনেক ছবিতেই তিনি দর্শকের নজর কেড়ে নিয়েছেন অসাধারণ অভিনয়গুণে। ‘বিবি নম্বর ওয়ান’, ‘মন’, ‘তাল’, ‘লজ্জা’, ‘নো এন্ট্রি’, ‘ওয়েলকাম’, ‘রেইস’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ইত্যাদি অনেক ছবিতে তার অভিনয় মনে রাখার মতো। সম্প্রতি 'দিল ধাড়াকনে দো' সিনেমায় দারুণ অভিনয় করে পাশ্ব-চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন স্টারডাস্ট অ্যাওয়ার্ডস আসরে।
‘পুকার’ ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
মার্কিন টিভি সিরিজ ‘টোয়েন্টি ফোর’-এ তার কাজ সমালোচকদের প্রশংসা কুড়ায়।
তিনি বেশ কয়েকটি ছবির প্রযোজক। ‘মাই ওয়াইফস মার্ডার’, ‘গান্ধী,মাই ফাদার’, ‘শর্ট কাট:দ্য কন ইজ অন’, ‘আয়শা’, ‘নো প্রবলেম’, ‘খুবসুরাত’ ছবিগুলোর প্রযোজক তিনি।
অনিল কাপুর ১৯৮৪ সালে বিয়ে করেন। স্ত্রী সুনিতা কাপুর, মেয়ে সোনাম কাপুর, রিয়া কাপুর এবং ছেলে হর্ষবর্ধন কাপুরকে নিয়ে সুখের সংসার তার। বহু সুন্দরী নায়িকার বিপরীতে পর্দায় রোমান্স করলেও ব্যক্তিগত জীবনে কখনো কোনো স্ক্যান্ডালের জন্ম দেননি তিনি।
আশির দশকে অনিল কাপুরের স্টাইল তরুণরা দারুণভাবে অনুসরণ করেছে। তার সংলাপ বলার বিশেষ ধরন, মেইকআপ, বিশেষ জনপ্রিয়তা পায়। চলতি বছর জীবনের ৫৯তম বছরে পা রাখলেন এই শক্তিমান অভিনেতা। এখনও ক্যারিয়ারে দারুণ ব্যস্ত তিনি।
অনিল কাপুর বলিউডের ‘শাহেন শাহ’, ‘কিং খান’, ‘মিস্টার পারফেকশনিস্ট’ বা ‘বাজরাঙ্গি ভাইজান’ নন। তিনি বলিউডের ‘বেনাম বাদশাহ’। সব চরিত্রকে আয়ত্বে আনা, চিরসবুজ নায়ক তিনি।
