২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'কালো' হারমায়োনি চান না ‘হ্যারি পটার’ ভক্তরা

‘হ্যারি পটার’ সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র হারমায়োনি গ্রেঞ্জারের বর্ণ বদলে গেছে 'হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড'-এ।  কিন্তু মঞ্চে কৃষ্ণাঙ্গ হারমায়োনির আবির্ভাব মেনে নিতে পারছেন না অনেক ভক্ত।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 04:55 PM

Updated : 26 Jul 2022, 12:10 PM

শ্বেতাঙ্গ এমা ওয়াটসনকেই হারমায়োনি হিসেবে দেখে অভ্যস্ত ‘হ্যারি পটার’ সিরিজের ভক্তরা। তার জুতোয় এবার পা গলাবেন সুইস অভিনেত্রী নোমা দুমেজওয়েনি। 

তবে হ্যারির বন্ধুর বর্ণ পাল্টানোর খবরে খুশি নন অনেক ভক্ত। সম্প্রতি টুইটারে একজন পাঠক লেখক জে কে রাওলিংকে জিজ্ঞেস করেন, কৃষ্ণাঙ্গ হারমায়োনির ব্যাপারে তিনি কি ভাবছেন।

উত্তরে হ্যারি পটারের স্রষ্টা জানান, “বাদামি চোখ, ঝাঁকড়া চুল এবং খুবই বুদ্ধিমতী - হারমায়োনির বর্ণনা এভাবেই দেয়া হয়েছে। তার গায়ের রঙ সাদা না কালো তা কখনো নির্দিষ্ট করে বলা হয়নি। কালো হারমায়োনিকে আমার খুবই ভালো লাগে।”

‘হ্যারি পটার’ সিরিজের বইগুলোর প্রচ্ছদে অনেক সময়ই শ্বেতাঙ্গ দেখানো হয়েছে হারমায়োনিকে। কিন্তু উপন্যাসের কোথাও বলা নেই তার গায়ের রঙের কথা।

রাওলিংয়ের এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন সিরিজটির অভিনেত্রী এভানা লিঞ্চ, যাকে দেখা গেছে লুনা লাভগুডের চরিত্রে।

লিঞ্চ টুইট করেন, “সম্পূর্ণ নতুন কলাকুশলীর দল! কী মজার! হ্যারি পটার এখন দেখতে রনের মত। আর যখন আমি অভিনয় করেছিলাম, লোকে আমার চুল নিয়ে অভিযোগ করেছিল। আসলে মানুষের মনটাই বড় ব্যাপার, চেহারা নয়।”