২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনিফার লরেন্সের সমালোচনায় লিন্ডসে লোহান

সিনেমাপ্রেমী মানুষের কাছে সমাদৃত হলেও লোহান পরিবারের প্রিয় মানুষের তালিকা থেকে নামটা বোধহয় কাটিয়েই নিলেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। লিন্ডসে লোহানের অতীত নিয়ে ঠাট্টা করায় কেবল লিন্ডসে লোহান নয়, তার মা এবং ছোট বোনও চটেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 05:31 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

‘দ্য লেইট শো উইথ স্টিভেন কোলবার্ট’- এ অংশ নিয়ে আলাপের এক পর্যায়ে জেনিফার তার কাজের চাপ নিয়ে কথা বলছিলেন। শুটিং নিয়ে কথা বলার সময় হঠাৎই লিন্ডসে লোহানকে টেনে আনেন জেনিফার। তিনি বলেন, “আমি লিন্ডসে লোহান মাত্রার ক্লান্ত হই, তবে কোনো মাদক বা মদ ছাড়াই। আমি খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি। এমনকি আমি এখনও ক্লান্ত।”

অতিরিক্ত মদ্যপান ও মাদক গ্রহণ এবং অনিয়ন্ত্রিত জীবন যাপন করে এক সময় নিয়মিত শিরোনাম হয়েছেন লিন্ডসে। তার অতীতকে এভাবে ঠাট্টার বিষয় করে তোলায় জেনিফারকে মার্কিন সাহিত্যিক মায়া অ্যাঞ্জেলোর কবিতা পড়ার পরামর্শ দেন তিনি। 

এমনকি জেনিফারের সমালোচনা করেন লিন্ডসের ছোট বোন মডেল এলিয়ানা লোহানও। তিনি টুইট করেন, “আমি কখনো নেতিবাচক মনোভাব পছন্দ করি না। আমি আমার পরিবারের সঙ্গে আছি। জেনিফারের ওপর ক্ষুব্ধ #লিন্ডসে লোহান।”

ক্ষুব্ধ লিন্ডসে লোহানের মা ডিনা লোহানও। এক সাক্ষাৎকারে তিনি বলেন “আমরা জেনিফার লরেন্সকে ভালোবাসি। আমরা সব সময় তার ভক্ত ছিলাম। কিন্তু শুটিং-এ দেরিতে আসার প্রসঙ্গে লিন্ডসেকে টেনে আনার ব্যাপারটা দুর্ভাগ্যজনক। আপনার কারো সম্পর্কে বাজে মন্তব্য করা উচিত নয়, এটা আশ্চর্য্য বিষয়। আমার পরিবার একসঙ্গে আছে।”

দীর্ঘ দিন সংশোধনাগারে কাটানোর পর এখন স্বাভাবিক জীবন যাপন করার চেষ্টা করছেন ২৯ বছর বয়সী লিন্ডসে লোহান। শেষ কাজ করেছিলেন ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য ক্যানিয়ন্স’ সিনেমায়।