শাহরুখকে খাবার পরিবেশন করেছেন দেব
টালিগঞ্জের মহাতারকা তিনি। কেবল তার নামের জোরে সুপারহিট হয় সিনেমা। সেই দেব এক সময় শুটিং স্পটে খাবার এগিয়ে দিয়েছেন তারকাদের। পড়াশোনার ফাঁকে সাহায্য করেছেন ক্যাটারিং ব্যবসায়ী বাবাকে।
দেব বলেন, “আইপিএল এর সময় শাহরুখ খানের সঙ্গে দেখা হলে তিনি আমার বাবার কথা জিজ্ঞেস করেছিলেন।
ঐ আলাপের সময় আমি তাকে বলেছিলাম, ‘আপনি মনে করতে পারবেন না, আমি আপনার খাবার পরিবেশন করেছি’। সেটা ছিল ‘ইয়েস বস’ সিনেমার শুটিংয়ের সময়। এমনকি আমার বাবা শাহরুখের অনেক সিনেমার শুটিংয়েই খাবার সরবরাহ করেছেন।”
সেই বাবাকে আজ রেস্তোরাঁ উপহার দিয়েছেন দেব। টাইমস অফ ইন্ডিয়া বলছে, রেস্তোরাঁটি চালু হবে এ মাসের কোনো এক সময়।
দেব বলেন, “এটা সেই মানুষটিকে আমার উপহার যিনি আমাকে গড়েছেন। আবার এটা আমার আবিষ্কার, স্বপ্নীল এই উদ্যোগের সঙ্গে শক্তিশালী টালিউডি যোগাযোগটাও দেখতে পাবেন তিনি।”
পশ্চিমবঙ্গে জন্ম হলেও দেব বেড়ে উঠেছেন মুম্বাইয়ে। তার বাবা গুরু অধিকারী শুটিং স্পটে খাবার সরবরাহ করতেন। বাবার ব্যবসার সূত্রে চার বছর বয়সেই দেব পেয়েছেন শুটিংয়ের লাইট, ক্যামেরা, অ্যাকশনের স্বাদ।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ধূমকেতু’ সিনেমার সেটে বসে দেব সেই সময়ের স্মৃতিচারণ করেন, “গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আমার স্কুল বন্ধ, বাবার সঙ্গে ‘প্রহর’-এর আউটডোরে গেলাম, যেখানে নানা পাটেকর শুটিং করছিলেন। সেটা আমার কাছে পারিবারিক অবসরের মুহূর্তের চেয়েও আনন্দের ছিল, মনেই হয়নি কাজ করছি।”
“একটা সময় এসে বাবা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন আর আমি তাকে সহায়তা করতাম। আমি রান্না করতে পারতাম না, কিন্তু কেনাকাটা আর দেখাশোনার কাজ করতাম। একটা সময় ছিল যখন আমি বাসন ধুয়েছি এবং খাবার পরিবেশন করেছি। জীবনের নানা রকমফের আছেই, এ নিয়ে আমার কোনো খেদ নেই।”
কলকাতায় এসে দেব প্রথমেই সুযোগ পান ‘অগ্নিশপথ’ সিনেমায়। সিনেমাটি বক্স-অফিসে সফল হয়নি। কিন্তু পরের বছর ‘আই লাভ ইউ’ থেকে শুরু করে একের পর এক সিনেমায় সফলতা তাকে মহাতারকা হওয়ার পথে এগিয়ে নিয়ে যায়।
যদিও তার পরিবার এখনও মুম্বাইয়ের বাসিন্দা।
