২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজউদ্দৌলা হবেন দেব?

পূজার সিনেমা ‘শুধু তোমারই জন্য’ ও ‘কাটমুন্ডু’র সাফ্যলে ভাসছেন টালিগঞ্জের দুই তারকা - অভিনেতা দেব ও পরিচালক রাজ চক্রবর্তী। এবার তারা জুটি বাধার পরিকল্পনা করছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে ঘিরে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 05:03 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে রাজ বলেন, “একদল গবেষণা করছেন সিরাজউদ্দৌলাকে নিয়ে, আর চিত্রনাট্য লিখবেন শ্রীজাত। প্রচুর হোমওয়ার্ক করতে হবে। আমার সিনেমাটা হবে পিরিয়ড ড্রামা এবং আমার ইচ্ছা ২০১৬ সালের মাঝামাঝি সময়ে ফ্লোরে যাওয়ার। বিশাল বাজেটের কথা ভেবে আমরা খোঁজ করছি ইন্দো-বাংলা যৌথ উদ্যোগের। নবাবের চরিত্রের জন্য একমাত্র ভরসা দেব, এখন খোঁজ চলছে মীর জাফর ও রবার্ট ক্লাইভ চরিত্রের অভিনেতার।”

চিত্রনাট্যকার শ্রীজাত বলেন, “আমরা ইতিহাস বইয়ের কয়েক পাতা পড়েছি, যেখানে সিরাজকে ট্র্যাজিক হিরো হিসেবে দেখানো হয়েছে। কিন্তু তিনি একজন সেরা প্রেমিক, ডাই-হার্ড রোমান্টিক এবং একজন সেরা প্রশাসক। আমার চিত্রনাট্যে তার সবই উঠে আসবে।”

এ খবরে বেশ উৎফু্ল্ল দেব। তিনি বলেন, “সিরাজউদ্দৌলার চরিত্র করতে চায় না এমন একজন অভিনেতার নাম বলুন। ওই প্রজেক্টের বিষয়ে রাজের সঙ্গে আমি খুবই শিগগিরই বসতে যাচ্ছি।”

বাংলা, বিহার, উড়িশ্যার নবাব আলীবর্দী খানের উত্তরসুরী নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতি ঘটে ভারতীয় উপমহাদেশের ইতিহাস পাল্টে দেওয়া পলাশীর যুদ্ধে। সেই যুদ্ধের আগাগোড়া ও নবাব পারিবারের অর্ন্তকলহকে উপজীব্য করে খান আতাউর রহমান ১৯৬৭ সালে একটি কালজয়ী সিনেমা উপহার দেন। সেই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে বাঙালির হৃদয়ে অমর হয়ে আছেন অভিনেতা আনোয়ার হোসেন। পরে প্রবীর মিত্র এ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।