২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কান্নায় ভেঙে পড়লেন সালমান

উচ্চ আদালতের রায়ে বেকসুর খালাস হওয়ার পরপরই কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন বলিউড সুপারস্টার সালমান খান। ২০০২ সালের গাড়ি চাপা মামলায় তার বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করে দেয় মুম্বাই হাইকোর্ট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 04:28 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

এনডিটিভি বলছে, রায়ের দিন সালমানের সঙ্গে আদালতে হাজির ছিলেন তার পুরো পরিবার। ওদিকে সালমানের মুম্বাইয়ের বাড়ির সামনে জড় হওয়া ভক্তদের উল্লাস করতে দেখা যায়।  ১০ ডিসেম্বর সকাল থেকেই সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে জড় হতে শুরু করেন ভক্তরা। স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে রায় ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন তারা। কলকাতা ও নাগপুরের মত দূরের শহর থেকেও ভক্তরা এসেছিলেন প্রিয় তারকার পাশে দাড়াতে।  

রায়ের দিনও সালমান শুটিংয়ে ব্যস্ত ছিলেন। রায় হওয়ার পর নিজের নতুন সিনেমা 'সুলতান'- এর শুটিংয়ে ফিরে যান তিনি।

রায়ের দিন সকালে সালমানের সঙ্গে দেখা করতে এসেছিলেন মুম্বাইয়ের রাজনীতিবিদ বাবা সিদ্দিকি। তিনি বলেন, "আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এই রায় তার পরিবারের জন্য অনেক বড় সুখবর।"

চলতি বছর মাত্র দুটি সিনেমায় অভিনয় করে বলিউডের বক্স-অফিসে ৫০০ কোটি রুপির ব্যবসা এনে দিয়েছেন সুপারস্টার সালমান। এখনও তার পেছনে ২০০ কোটি রুপি বিনিয়োগ রয়েছে। আগামী বছর মুক্তির অপেক্ষায় আছে তার নতুন সিনেমা 'সুলতান'।