২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও টারজান, তবে...

বড় পর্দায় আবারও ফিরছে জনপ্রিয় কমিক চরিত্র টারজান। ডেভিড ইয়েটসের পরিচালনায় 'দ্য লেজেন্ড অফ টারজান' - এ বনের রাজার ভূমিকায় দেখা যাবে সুইডিশ অভিনেতা আলেক্সান্ডার স্কারসগার্ডকে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 04:23 PM

Updated : 12 Oct 2022, 04:40 PM

সিনেমাটির প্রথম ঝলক দেখা গেল সম্প্রতি। ছবিগুলোতে টারজানরূপী আলেক্সান্ডার স্কারসগার্ড এবং জেইনরূপী মার্গট রবিকে দেখা গেছে।

সেলুলয়েডে বার বার ফিরে আসা টারজানের এবারের গল্পটি একদমই আলাদা বলে জানিয়েছেন নির্মাতারা। এবারের গল্পের শুরুটাই হবে আফ্রিকার জঙ্গল ছেড়ে পুরোদস্তুর ব্রিটিশ সাহেব বনে যাওয়া টারজান এবং তার স্ত্রী জেইনকে ঘিরে।

ইউএসএ টুডেকে দেয়া সাক্ষাৎকারে স্কারসগার্ড বলেন, "এটা ধ্রুপদী টারজানের গল্পের একেবারেই বিপরীত, যেখানে একটা পশুকে পোষ মানানোই মূল ব্যাপার।"

চরিত্রটি রূপায়নের জন্য চার মাস কঠিন পরিশ্রম এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে ৩৯ বছর বয়সী এই তারকাকে।

পরিচালক ইয়েটস কিছুটা আভাস দিলেন জেইন চরিত্রটির ব্যাপারেও। জানালেন মারগট রবি অভিনীত এই চরিত্রটি কেবল টারজানের প্রেমাস্পদই নয়।

"সেও দৃঢ়, জেদি এবং দারুণ প্রজ্ঞাসম্পন্ন। একজন আধুনিক যৌন আবেদনময়ী নারী যে কিনা নিজের দেখভাল ছাড়াও অনেক কিছু করতে পারে।"

সিনেমার মূল খলচরিত্র ক্যাপ্টেন লিওন রমের চরিত্রে অভিনয় করবেন অস্কারজয়ী তারকা ক্রিস্টফ ওয়াল্টজ। সঙ্গে আরো থাকছেন স্যামুয়েল এল. জ্যাকসন, জাইমন হনসু এবং জর্জ ওয়াশিংটন উইলিয়ামস।

সিনেমাটি মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ২০১৬ সালের ১ জুলাই।