অল্পের জন্য বাঁচলেন মরগান ফ্রিম্যান
অল্পের জন্য বেঁচে গেলেন মার্কিন অভিনেতা মরগান ফ্রিম্যান। তাকে বহনকারী একটি বিমান ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মিসিসিপির টিউনিকায় ঝুঁকিপূর্ণ অবতরণ করে।
অবশ্য এই বিপদজনক অবতরণে তেমন কোনো আঘাত পাননি ৭৮ বছর বয়সী ফ্রিম্যান। তবে রানওয়েতে অবতরণের সময় ক্ষতিগ্রস্থ হয় বিমানটি।
এক বিবৃতির মাধ্যমে ভয়াবহ এই অভিজ্ঞতার কথা বর্ণনা করেন ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ তারকা ফ্রিম্যান।
তিনি বলেন, “দ্য স্টোরি অফ গড অনুষ্ঠানটির একটি অংশের দৃশ্যায়নে টেক্সাস যাচ্ছিলাম। সব সময় সব কিছু পরিকল্পনা মাফিক হয় না, হঠাৎই উড্ডয়নের মুহূর্তে বিমানের একটি টায়ার পাংচার হলো যা থেকে সমস্যার সূত্রপাত। তবুও আমাদের বিমান চালক জিমি হবসনকে ধন্যবাদ, তার কারণেই আমরা এখন অক্ষত অবস্থায় আছি। তবে আমার বিমানের ব্যাপারে একই কথা বলতে পারছি না।”
বিমান চালক এবং মরগান ফ্রিম্যানের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
মিসিসিপি থেকে হিউস্টন, টেক্সাস অভিমুখে যাত্রা করছিল বিমানটি।
