ক্যাটের কাছে সালমানের ক্ষমা প্রার্থনা
গণমাধ্যমে মজার মজার মন্তব্য করার জন্য বেখ খ্যাতি রয়েছে ভারতীয় অভিনেতা সালমান খানের। কিন্তু মজা করতে গিয়ে কদিন আগে বেফাঁস এক মন্তব্য করে বসেন সালমান খান। আর সেজন্য তাকে ক্ষমা চাইতে হলো সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের কাছে।
ভারতীয় রিয়ালিটি শো ‘কমেডি নাইটস উইথ কাপিল’-এর দীপাবলীর বিশেষ আয়োজনে ক্যাটরিনা প্রসঙ্গে সালমান বলে ফেলেন, “ ও আমার কোনো কাজের নয়।”
কপিলের করা এক প্রশ্নের জবাবে এমন উত্তর দিয়েছিলেন সালমান। ব্যাঙ্গ করে আরো বলেন, কপিলেরও কোনো কাজে লাগবেন না ক্যাটরিনা।
উটকো এই মন্তব্য করার পর সালমানকে ফোন করে বকুনি দিতে ছাড়েননি ক্যাটরিনা। জিকিউ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "তিনি (সালমান) অন্য এক ব্রহ্মাণ্ডের বাসিন্দা, জনসমক্ষে আমাকে নিয়ে সব সময় ঠাট্টা করছেন, আর গণমাধ্যমে তা বেশ আলোড়ন তুলছে। কাপিলের শোতে কতোগুলো পটকার ওপর আমার ছবি দেখে তিনি যেমন বললেন - 'ও আমার কোনো কাজের নয়'। আমি তাকে ফোন করে তার সঙ্গে চেঁচামেচি করেছি। আমি এটা করতে পারি, আমার সঙ্গে তার সম্পর্কটা এমনই। তিনি বললেন, "ঠিক আছে, আমি গণমাধ্যমের সামনে ক্ষমা চাইবো।" আমি তাকে বলেছি এমন কিছুই করার দরকার নেই, বরং সম্ভব হলে সম্মানজনক নীরবতা বজায় রাখুন।"
দীর্ঘ সময় তারকা জুটি হিসেবে আলোচনার কেন্দ্রে ছিলেন সালমান-ক্যাটরিনা। এমনকি ক্যাটরিনার হিন্দি সিনেজগতে প্রতিষ্ঠা পাওয়ার কৃতিত্বটাও অনেকে দিয়েছিলেন সালমানকেই। ২০১১ সালে একটি সাক্ষাৎকারে ক্যটরিনা জানান, তাদের সম্পর্ক ভেঙে যায় ২০১০ সালে, তিনি চলচ্চিত্রে আসার আগেই।প্রেমের সম্পর্কটা না টিকলেও বন্ধুত্ব বজায় রেখেছেন সাবেক এই তারকা জুটি।
