২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে সালমান খানের জীবনী

ভারতীয় অভিনেতা সালমান খানের ভক্তদের জন্য সুখবর। এ বছর পঞ্চাশে পা দেবেন সালমান। ডিসেম্বরের শেষে সালমানের ৫০তম জন্মদিনেই প্রকাশিত হবে সালমানের আত্মজীবনী 'বিয়িং সালমান'।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 05:14 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

বইটির প্রকাশনা সংস্থা পেঙ্গুইন ইন্ডিয়া জানায়, প্রথমবারের মতো সালমানের জীবন নিয়ে কোনো বই বের হচ্ছে। বলিউডের এই সুপারস্টারের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের অনেক জানা-অজানা তথ্য থাকছে বইটিতে।

১৯৮৮ সালে হিন্দি সিনেমায় পা রাখার পর থেকে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে 
নিয়েছেন সালমান খান। ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’-এর মতো সিনেমায় রোমান্টিক নায়ক হিসেবে যেমন তরুণীদের মন জয় করেছেন, তেমনি হালের ‘দাবাং’, ‘এক থা টাইগার’, ‘কিক’- এর মতো অ্যাকশন সিনেমার নায়ক হিসেবেও লাভ করেছেন তুমুল জনপ্রিয়তা।

সম্প্রতি ‘বাজরাঙ্গি ভাইজান’- এ সরল এক যুবকের ভূমিকায় তার অভিনয় লাখো দর্শককে কাঁদিয়েছে।

বিভিন্ন সময়ে নায়িকাদের সঙ্গে তার প্রেমের খবর আলোচনার বিষয়বস্তু হয়েছে। কিন্তু প্রায় পঞ্চাশ বছর বয়সেও বলিউডের সুযোগ্য পাত্রের তকমা এঁটে রেখেছেন গায়ে।

তুমুল জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও এড়াতে পারেননি এই তারকা। বিলুপ্তপ্রায় কৃষ্ণ হরিণ হত্যা, মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় দোষী সাব্যস্ত হয়ে শিরোনামে এসেছেন।

আবার ‘বিয়িং হিউম্যান’ নামের দাতব্য সংস্থা পরিচালনা করে জনহিতকর কাজের জন্য প্রশংসিত হয়েছেন।

সালমান খান আসলে কেমন মানুষ, তা বুঝতে জীবনীটি সাহায্য করবে বলে দাবী করছেন ‘বিয়িং সালমান’-এর প্রকাশক। তার জীবনের অনেক অজানা তথ্যও সামনে আনতে যাচ্ছে এই বইটি।

বইটি লিখেছেন জসিম খান নামের দিল্লীভিত্তিক একজন সাংবাদিক।