মারা গেলেন স্কট ওয়েইল্যান্ড
মার্কিন গ্রাঞ্জ ব্যান্ড স্টোন টেম্পল পাইলটস এবং রক ব্যান্ড ভেলভেট রিভলভারের সাবেক গায়ক স্কট ওয়েইল্যান্ড আর নেই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৮ বছর।
ঘুমন্ত অবস্থাতেই তার মৃত্যু ঘটে বলে তার ফেইসবুক পেইজে জানানো হয়েছে। তার বর্তমান ব্যান্ড দ্য ওয়াইল্ডঅ্যাবাউটসের সঙ্গে ব্লুমিংটন, মিনোসোটায় ট্যুর করছিলেন গ্র্যামিজয়ী এই তারকা। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে মাদক সেবনের দীর্ঘ ইতিহাস রয়েছে তার।
স্টোন টেম্পল পাইলটস ব্যান্ডের জন্য বড় একটি ধাক্কা হয়ে এসেছে এই সংবাদটি। ব্যান্ডের বর্তমান ভোকাল লিংকিন পার্ক তারকা চেস্টার বেনিংটন কিছুদিন আগেই সরে দাঁড়িয়েছেন। কথা উঠেছিল ওয়েইল্যান্ডকে ফিরিয়ে আনবার। কিন্তু সেটি আর সম্ভব হলো না। চলতি বছরের মার্চে অতিরিক্ত মাদক সেবনের কারণে ব্যান্ডটির গিটারিস্ট জেরেমি ব্রাউনেরও মৃত্যু ঘটে।
জেইন অ্যাডিকশন ব্যান্ডের গিটারিস্ট ডেইভ নাভারো সর্বপ্রথম ওয়েইল্যান্ডের মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন টুইটারের মাধ্যমে। তিনি টুইট করেন, “আমাদের বন্ধু স্কট ওয়েইল্যান্ড আর নেই।”
আশির দশকের শেষে মার্কিন মূলুকে গ্রাঞ্জ সঙ্গীতের চর্চা মূলত স্কট ওয়েইল্যান্ড এবং তার দুই ভাই রবার্ট এবং ডিন ডিলোর হাত ধরেই শুরু হয়। স্টোন টেম্পল পাইলটস আশির দশকের শেষে যাত্রা শুরু করলেও আন্তর্জাতিক স্বীকৃতি পায় ১৯৯৩ সালে তাদের প্রথম অ্যালবাম ‘কোর’ প্রকাশিত হবার পর। অ্যালবামটি মুক্তির পর পরই বিলবোর্ড টপচার্টের তিন নম্বরে চলে যায়। এই সাফল্যের ধারা বজায় থাকে তাদের পরবর্তী অ্যালবাম ‘পার্পল’ এর বেলায়ও।
অল্টারনেটিভ রক থেকে বিকশিত হওয়া গ্রাঞ্জ সঙ্গীতের সময়টা শেষ হয়ে এলেও ব্যান্ড হিসেবে সাফল্যের পাল্লাটা বেশ ভারী ‘স্টোন টেম্পল পাইলটস’-এর। নিচু গায়কীর সঙ্গে জোরালো ভঙ্গিমার গাওয়ার ধরন ওয়েইল্যান্ডকে করে তুলেছিল জনপ্রিয়। মার্কিন যুক্তরাষ্ট্রেই সে সময় ব্যান্ডটির অ্যালবাম বিক্রির সংখ্যা ছাড়ায় ১ কোটি ৩৫ লাখ কপিরও বেশি। তবে এর পরপরই ব্যান্ডটি চলে যায় একটি দীর্ঘ বিরতিতে। সে সময়ে ওয়েইল্যান্ড তার অন্য ব্যান্ড প্রজেক্টের কাজ হাতে নেন।
২০০২ সালে কিংবদন্তী গানজ অ্যান্ড রোজেসের সাবেক গিটারিস্ট স্ল্যাশের সঙ্গে মিলে গড়ে তোলেন ভেলভেট রিভলভার নামের একটি সুপার গ্রুপ। ২০০৪ সালে মুক্তি পায় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘কন্ট্রাব্যান্ড’ আর ২০০৭ এ মুক্তি পায় ‘লিবারেটেড’। ব্যান্ডটির ভোকাল হিসেবে দায়িত্ব পালন করা ওয়েইল্যান্ড এই ব্যান্ডেও রাখেন তার প্রতিভার স্বাক্ষর। তাদের দুটি অ্যালবাম বিক্রি হয় ২৪ লাখ কপিরও বেশি।
তবে আইনি জটিলতায় জড়িয়েছেন বার বারই। অতিরিক্ত মাদক সেবনের অভিযোগে গ্রেফতার হয়েছেন কয়েকবার। সংশোধনের প্রক্রিয়া শুরু করলেও শেষ করতে পারেননি সেটি।
